গণভোটের রায় অগ্রাহ্য করা জনগণের সাথে তামাশা: ডা. শফিকুর রহমান

May 15, 2026 | Feature-2 |

নিজস্ব প্রতিবেদক, রংপুর:  জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশের ৭০ ভাগ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিলেও সরকার তা অপমানজনকভাবে অগ্রাহ্য করছে। তবে এই রায় পরিত্যক্ত হতে দেওয়া হবে না; সংসদের ভেতরে ও বাইরে লড়াইয়ের মাধ্যমে একদিন তা বাস্তবায়ন করা হবে।

শুক্রবার (১৫ মে) বিকেলে রংপুর মহানগরী জামায়াত আয়োজিত সুধী সমাবেশের আগে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রংপুরকে ‘কৃষির রাজধানী’ করার দাবি:
রংপুর অঞ্চলের উন্নয়নে নিজের পরিকল্পনার কথা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা চাই রংপুরকে দেশের ‘কৃষির রাজধানী’ হিসেবে ঘোষণা করা হোক। এটি কেবল মুখের কথা নয়; রাষ্ট্রীয় বা বেসরকারি, যে কোনো উদ্যোগে এই অঞ্চলের চেহারা বদলে দিতে আমরা বদ্ধপরিকর। উত্তরবঙ্গের এই পাওনা আদায়ে আমাদের সংগঠন সবসময় পাশে থাকবে।”

সংসদীয় সংস্কৃতি ও সরকারের সমালোচনা:
সংসদে গান গাওয়া বা গালিগালাজ করার সংস্কৃতির অবসান চেয়ে তিনি বলেন, “সংসদ হবে উন্নয়ন ও বেকারত্ব দূর করার আলোচনার কেন্দ্রবিন্দু। এটি কারো বাবার টাকায় চলে না, জনগণের ট্যাক্সের টাকায় চলে। চরিত্র হননের কথা বলার সুযোগ না দিতে আমি স্পিকারের প্রতি আহ্বান জানাচ্ছি।” তিনি আরও জানান, রূপান্তরের অধ্যাদেশগুলো সরকার আলোচনার টেবিলে না আনায় তারা সংসদ থেকে ওয়াকআউট করেছিলেন, তবে জনগণের দাবি আদায়ে তারা মাঠ ছাড়বেন না।

প্রশাসনে ‘দলীয়করণ’ নিয়ে হুঁশিয়ারি:
সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে বিতর্কিত ব্যক্তি নিয়োগ এবং ৪২ জেলায় দলীয় প্রশাসক বসানোর তীব্র সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, “নির্বাচনে পরাজিত ও প্রত্যাখ্যাত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে জনগণের সাথে তামাশা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদেও অনুগতদের নিয়োগ দেওয়া হচ্ছে।” তিনি সতর্ক করে বলেন, “কারো পরিকল্পনাই চূড়ান্ত নয়, আল্লাহর পরিকল্পনাই চূড়ান্ত। অতীতের সরকারের সাড়ে ১৫ বছরের পরিকল্পনা যেমন দু’দিনে তছনছ হয়েছে, বর্তমান সরকারকেও সেই ইতিহাস ভুলে গেলে চলবে না।”

জ্বালানি সংকট ও আস্থার রাজনীতি:
জ্বালানি সংকটের উদাহরণ টেনে তিনি বলেন, সঠিক আলোচনা ও সদিচ্ছার কারণে দুই দিনের মধ্যে সংকটের চিত্র পাল্টে গেছে। জামায়াত লুটপাটের জন্য নয়, বরং মানুষের মুক্তি ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের রাজনীতি করতে চায়। সরকার ভালো কাজ করলে সমর্থন এবং মন্দ কাজ করলে রাজপথে রুখে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, রংপুর মহানগরী আমীর মাওলানা এটিএম আজম খানসহ অন্যান্য কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



Leave a Comment