গণভোটের রায় পাশ কাটিয়ে রাষ্ট্র পরিচালনার পরিণতি শুভ হবে না: এটিএম মা’ছুম
নিজস্ব প্রতিবেদক–চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনা ও গণভোটের রায়কে পাশ কাটিয়ে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করছে, যার পরিণতি শুভ হবে না। তিনি সতর্ক করে বলেন, সরকারের নির্লজ্জ দলীয়করণ অতীতের স্বৈরাচারী শাসনকেও হার মানিয়েছে।
শুক্রবার (১৫ মে) চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা আয়োজিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা আমীর মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
সরকারের কঠোর সমালোচনা: মাওলানা এটিএম মা’ছুম বলেন, “জনগণ যে পরিবর্তন ও ইনসাফের প্রত্যাশায় জুলাই বিপ্লব ঘটিয়েছে, সরকার সেই চেতনাকে অবজ্ঞা করছে। গণভোটের স্পষ্ট রায়কে পাশ কাটিয়ে একতরফাভাবে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করা হলে তা দেশের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।” তিনি অভিযোগ করেন, প্রশাসনের প্রতিটি স্তরে নির্লজ্জভাবে দলীয় লোক বসানো হচ্ছে, যা জনগণের আশা-আকাঙ্ক্ষার পরিপন্থী।
ইসলামী বিজয় ও রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি: রুকনদের উদ্দেশে তিনি বলেন, ইসলামের বিজয় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বহুমুখী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। সংসদীয় গণতন্ত্রে জামায়াতে ইসলামী এখন একটি বৃহৎ বিরোধী দল। তাই কেবল সাংগঠনিক কার্যক্রম নয়, রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্ঞান, আদর্শিক দৃঢ়তা ও নেতৃত্বগুণ অর্জনের মাধ্যমে কর্মীদের নিজেদের প্রস্তুত করতে হবে।
নেতৃবৃন্দের বক্তব্য: বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান বলেন, বর্তমান চ্যালেঞ্জিং সময়ে কর্মীদের ব্যক্তি ও সমাজ জীবনে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে। এছাড়া মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম জ্ঞানভিত্তিক ও পরিকল্পিত আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।
উপস্থিতি: অনুষ্ঠানে মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক দায়িত্বশীল উপস্থিত ছিলেন। বক্তারা দেশ ও জাতির ক্রান্তিলগ্নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।