চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক সফর: ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন

May 16, 2026 | Feature-2 |

শাহরাস্তি (চাঁদপুর) :  পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন’ কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (১৬ মে) দুপুর পৌনে ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই খনন কাজের উদ্বোধন ঘোষণা করেন।

২২ বছর পর প্রথম চাঁদপুর সফর: প্রধানমন্ত্রী হিসেবে এটিই তারেক রহমানের প্রথম চাঁদপুর সফর। এর আগে সর্বশেষ ২২ বছর আগে অর্থাৎ ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তিনি চাঁদপুর এসেছিলেন। ফলে দীর্ঘ দুই দশক পর তার এই আগমনকে কেন্দ্র করে গোটা চাঁদপুর জেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

সফরের বিস্তারিত: এর আগে আজ সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়ক পথে প্রধানমন্ত্রীর গাড়িবহর চাঁদপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। পথিমধ্যে তিনি কুমিল্লার বরুড়ায় একটি বিশাল পথসভায় অংশ নেন এবং ‘কুমিল্লা’ নামেই বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন।

আরো পড়ুন: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে, কৃষি বিশ্ববিদ্যালয়ও দেওয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা ও জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছেন।

পরবর্তী কর্মসূচি: সফরসূচি অনুযায়ী, খালের খনন কাজ উদ্বোধন শেষে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পরে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। সবশেষে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার এই ঐতিহাসিক চাঁদপুর সফর শেষ করবেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে শাহরাস্তিসহ পুরো চাঁদপুর জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।



Leave a Comment