মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, জুনের প্রথমার্ধে ফিরতে পারেন দেশে

May 17, 2026 | Feature-2 |

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার আশাব্যঞ্জক উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুনের প্রথম সপ্তাহে তিনি স্বদেশে প্রত্যাবর্তন করতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তাঁর স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।

শনিবার (১৬ মে) কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে প্রবাসী সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানান।

শারীরিক অবস্থা ও চিকিৎসা:
আফরোজা আব্বাস বলেন, “বর্তমানে চিকিৎসকরা মির্জা আব্বাসকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন। আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থা এখন অনেক বেশি স্থিতিশীল।” তিনি আরও জানান, হাসপাতালে বর্তমানে এই প্রবীণ বিএনপি নেতার নিয়মিত ফিজিওথেরাপি চলছে।

নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ:
দীর্ঘদিন পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় স্বস্তি ফিরেছে পরিবার ও দলীয় নেতাকর্মীদের মাঝে। আফরোজা আব্বাস জানান, শারীরিক সুস্থতা বোধ করায় মির্জা আব্বাস হাসপাতালে তাঁকে দেখতে আসা প্রবাসী দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সাথে কুশল বিনিময় করেছেন এবং সংক্ষিপ্ত কথা বলেছেন।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য বেশ কিছু দিন ধরে মালয়েশিয়ার কুয়ালালামপুরের অ্যাপোলো সমগোত্রীয় খ্যাতনামা প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন সাবেক এই মন্ত্রী। তাঁর দ্রুত সুস্থতা কামনায় দেশ ও প্রবাসে দলীয় নেতাকর্মীরা দোয়া মাহফিলের আয়োজন করেছেন।



Leave a Comment