ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। হামলায় দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং তিনজনের মাথা ফেটে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
হামলার বিবরণ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য:
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ জুমার নামাজ শেষে পৌর কালেক্টরেট জামে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই সময় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তার সঙ্গে কথা বলতে এগিয়ে যান। ঠিক তখনই পেছন থেকে একদল যুবক হঠাৎ নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে এবং লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে এনসিপির স্থানীয় কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন।
ফেসবুকে নাসীরুদ্দীন পাটওয়ারীর অভিযোগ:
হামলার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, “ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে।”
তিনি আরও লেখেন, “প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়। এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়।” ঘটনার পর আইনি পদক্ষেপ নিতে তারা থানায় অবস্থান করছেন জানিয়ে তিনি লেখেন, “মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।”
এনসিপির বিক্ষোভ ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি:
এই হামলার ঘটনার পর পরই ঝিনাইদহ শহরে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং এনসিপির স্থানীয় নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ সমাবেশ থেকে দলটির নেতারা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেন এবং হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেন।
স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।