তিনবিঘা সীমান্তে খুঁটি স্থাপন নিয়ে উত্তেজনা, বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

May 23, 2026 | Feature-2 |

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাঁশের খুঁটি স্থাপনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে এক জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৩ মে) দুপুরে ভারতের অভ্যন্তরে অবস্থিত তিনবিঘা করিডোর এলাকায় এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান এবং ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক বিনোদ কুমার নিজ নিজ বাহিনীর নেতৃত্ব দেন।

আইন লঙ্ঘনের প্রতিবাদ বিজিবির:
বৈঠকে বিজিবির পক্ষ থেকে আন্তর্জাতিক সীমান্ত আইনের বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হয়। বিজিবি জানায়, সীমান্ত আইন অনুযায়ী আন্তর্জাতিক সীমানার শূন্যরেখা (জিরো লাইন) থেকে ১৫০ গজের মধ্যে কোনো ধরনের স্থায়ী বা অস্থায়ী স্থাপনা নির্মাণের সুযোগ নেই। বিএসএফের বাঁশের খুঁটি পোতার এই পদক্ষেপ সীমান্ত আইনের পরিপন্থী।

বিএসএফের ব্যাখ্যা:
অন্যদিকে, বিএসএফের পক্ষ থেকে সীমান্তে উত্তেজনা সৃষ্টির বিষয়ে দুঃখ প্রকাশ করে ব্যাখ্যা দেওয়া হয়। তারা দাবি করে, কোনো স্থায়ী স্থাপনা নির্মাণের জন্য নয়, বরং ভারতের ভেতরের একটি জমি অধিগ্রহণের উদ্দেশ্যে সেখানে সাধারণ মাপজোখের কাজ চলছিল এবং সেই কাজের অংশ হিসেবেই সাময়িকভাবে বাঁশের খুঁটিগুলো দেওয়া হয়েছিল।

যোগাযোগ বৃদ্ধি ও পরিস্থিতি স্বাভাবিক:
বৈঠকে শুধু খুঁটি স্থাপনই নয়, বরং সীমান্তে পুশইন (অবৈধ পুশব্যাক) রোধ, সীমান্তসংলগ্ন বাংলাদেশিদের কৃষিজমি ব্যবহার এবং দুই দেশের সীমান্ত এলাকার নাগরিকদের নিরাপদ চলাচল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভবিষ্যতে সীমান্তসংক্রান্ত যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যা এড়াতে এবং দ্রুত সমাধানে উভয় বাহিনীর মধ্যে মাঠপর্যায়ে যোগাযোগ ও পারস্পরিক সমন্বয় আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠক শেষে বিজিবির সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, পতাকা বৈঠকের পর ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে এবং বর্তমানে তিনবিঘা করিডোর সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও স্বাভাবিক রয়েছে।



Leave a Comment