সবাইকে সঙ্গে নিয়ে ভাগ্য পরিবর্তন করতে চায় বিএনপি: প্রধানমন্ত্রী
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান তারেক রহমান বলেছেন, “এই দেশের প্রকৃত মালিক হচ্ছে দেশের সাধারণ জনগণ। বিএনপি সরকার জনগণকে সঙ্গে নিয়েই তাদের ভাগ্যের আমূল পরিবর্তন করতে চায়। এখন সময় এসেছে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য গৃহীত আমাদের উন্নয়নমূলক কাজগুলো সফলভাবে এগিয়ে নেওয়ার।”
আজ শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ঐতিহাসিক ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ষড়যন্ত্র প্রতিহত করার দৃঢ় প্রত্যয়:
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করা হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ এবং যেকোনো ধরনের অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিহত করা হবে।”
তিনি এ সময় দেশবিরোধী অপশক্তির সমালোচনা করে বলেন, যারা দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে অনাকাঙ্ক্ষিত বাধা সৃষ্টি করছে বা সরকারের জনকল্যাণমুখী উন্নয়নমূলক কর্মসূচিকে বিভিন্ন বিভ্রান্তির মাধ্যমে ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিষয়ে দেশের সাধারণ জনগণকে সর্বদা সতর্ক থাকতে হবে।
আরো পড়ুন: ত্রিশালে সেই ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান:
জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “আমাদের সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কতিপয় মানুষ অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ালেই তারা সফল হয়ে যাবে—জনগণ বেঁচে থাকতে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না।” তিনি আরও উল্লেখ করেন, জনগণের পাশে থেকে যারা নিঃস্বার্থভাবে কাজ করবে, দেশের মানুষ সবসময় তাদেরই পাশে থাকবে এবং যেকোনো সংকটে দেশকে রক্ষা করবে।
দেশ গড়ার অংশীদারিত্ব:
নিজের ঘরবাড়ি গোছানোর উদাহরণের টেনে প্রধানমন্ত্রী বলেন, “এই দেশ আমাদের, তাই দেশটা আমাদেরই গড়ে তুলতে হবে। প্রত্যেকে আমরা এই দেশের সমান অংশীদার ও মালিক। ঠিক যেভাবে আমরা নিজেদের ঘরবাড়ি নিজের হাতে পরম মমতায় গড়ে তুলি, তেমনি প্রিয় বাংলাদেশকেও আমাদেরই গড়ে তুলতে হবে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের সামগ্রিক স্বার্থ আমরাই রক্ষা করব।”
সবশেষে তিনি আইনের শাসন প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষকে সজাগ ও দূরদর্শী থাকার আহ্বান জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।