ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার মাহমুদা বেগমের সাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সৌজন্য সাক্ষাৎ
চট্টগ্রাম ব্যুরো: ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের নবাগত পুলিশ সুপার মাহমুদা বেগমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ। আজ রবিবার (২৪ মে) সকালে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে আসন্ন ঈদুল আজহার ঠিক পূর্বমুহূর্তে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষা, শ্রমিক অসন্তোষ নিরসন, সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিল্প-কারখানাগুলোতে ছুটির সময়ে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান নবাগত পুলিশ সুপার মাহমুদা বেগমকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সাথে তিনি শিল্পাঞ্চলের সার্বিক কার্যক্রম, বিশেষ করে শ্রমিকের স্বার্থ রক্ষা ও শিল্প-কলকারখানার নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে ফেডারেশনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
সৌজন্য সাক্ষাৎকালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর পক্ষে উপস্থিত ছিলেন— সহ-সভাপতি মকবুল আহমদ, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম, ট্রেড ইউনিয়ন সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, আইন-আদালত সম্পাদক সাব্বির আহমেদ উসমানী এবং ডবলমুরিং থানা সভাপতি আকরাম হোসেন জিহাদ প্রমুখ।