দেশ ও বিশ্ববাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা

মে ২৭, ২০২৬ | Feature-1 |

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণসহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সমস্ত মুসলিম উম্মাহকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৭ মে) এক বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে তিনি দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং সবাইকে ‘ঈদ মোবারক’ বলেন।

কোরবানির মূল শিক্ষা ও মাহাত্ম্য:
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির এক অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির হয়েছে পবিত্র ঈদুল আজহা।”

কোরবানির অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরে তিনি উল্লেখ করেন, কোরবানি মানে কেবলই আনুষ্ঠানিক কোনো পশু জবাই করা নয়; বরং মানুষের মনের ভেতরের সমস্ত লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, অহংকার আর পশুত্বকে সম্পূর্ণভাবে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই এর প্রকৃত মাহাত্ম্য নিহিত রয়েছে। মহান আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজের অহংকারকে তাঁর কাছে সমর্পণ করার এই পবিত্র উৎসব আমাদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে এবং সত্য ও সুন্দরের পথে ধাবিত করবে—এটাই হোক পবিত্র কোরবানির অন্যতম প্রধান শিক্ষা।

সামর্থ্যহীনদের সাথে আনন্দ ভাগাভাগির আহ্বান:
প্রধানমন্ত্রী সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের প্রতি বিনীত আবেদন জানিয়ে বলেন, “মহান আল্লাহ রাব্বুল আলামিন এ বছর যাদের কোরবানি করার আর্থিক সামর্থ্য দিয়েছেন, আপনারা আপনাদের চারপাশের যেসব মানুষের পশু কোরবানি দেওয়ার সামর্থ্য হয়নি, তাদের সাথে কোরবানির মাংস ভাগাভাগি করে নিন। ঈদের আনন্দকে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়াও কোরবানির বড় শিক্ষা।”

বর্জ্য অপসারণ ও চামড়া সংরক্ষণের নির্দেশনা:
দেশের পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষার স্বার্থে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “দেশবাসীর প্রতি আমার বিনীত আহ্বান, আপনারা কোরবানির পশুর চামড়া যেন যথাযথ ও বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয় সেদিকে খেয়াল রাখুন। একই সাথে কোরবানির পশুর রক্ত ও বর্জ্য দ্রুত পরিষ্কারের ক্ষেত্রে পরিচ্ছন্নতা কর্মীদের সার্বিক সহায়তা করুন। পরিবেশের সুরক্ষায় যথাসম্ভব নিজেরাও এই পরিচ্ছন্নতা অভিযানে সক্রিয়ভাবে অংশ নিন, যেন কোরবানির দিনেই সমস্ত স্থান দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করে ফেলা সম্ভব হয়।”

বিবৃতির শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, “পবিত্র এই আনন্দের দিনে কায়মনোবাক্যে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের প্রিয় মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও সমগ্র মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা, কল্যাণ এবং স্থিতিশীলতা দান করেন।”



Leave a Comment