এসির গ্যাস লিকেজে আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর কারণ নিশ্চিত করেছে পুলিশ। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ওয়ার্ডের এয়ার কন্ডিশনার (এসি) সিস্টেমে ত্রুটি ও সেখান থেকে গ্যাস লিকেজ হয়ে তীব্র শ্বাসকষ্টের (সাফোকেশন) কারণে শিশুগুলোর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আজ বুধবার (২৭ মে) সকালে এই বেদনাদায়ক ঘটনাটি প্রকাশ্যে আসে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এবং সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশের তদন্ত দল জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাতের পর কোনো এক সময়ে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডের এসি সিস্টেমে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বিষাক্ত গ্যাস লিকেজ হতে শুরু করে। এতে ওয়ার্ডের ভেতরে থাকা মাত্র ১ থেকে ২ দিন বয়সী শিশুদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং শ্বাসকষ্টে তাদের মৃত্যু হয়।
বর্তমানে সিআইডির ক্রাইমসিন ইউনিটসহ পুলিশের বিশেষ তদন্ত দল হাসপাতালটির দুর্ঘটনাকবলিত ওয়ার্ডে অবস্থান করছে। কারিগরি কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। একসঙ্গে ছয়টি শিশুর এমন মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো হাসপাতালজুড়ে আতঙ্ক ও উৎকণ্ঠা তৈরি হয়।