৪৪৫ যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছাল বছরের প্রথম ফিরতি হজ ফ্লাইট

মে ৩০, ২০২৬ | Feature-2 |

নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজের সব ধর্মীয় আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন করে ৪৪৫ জন হাজিকে নিয়ে দেশে ফিরেছে চলতি বছরের প্রথম ফিরতি হজ ফ্লাইট। আজ শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার পর আল্লাহর মেহমানদের নিয়ে প্রথম ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

এর আগে সৌদি আরবের স্থানীয় সময় শুক্রবার (২৯ মে) রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন হাজিরা। দীর্ঘ সফর শেষে দেশের মাটিতে পা রাখতেই প্রথম ফ্লাইটে আসা হাজিদের বিমানবন্দরে ফুল এবং পবিত্র জমজমের পানি দিয়ে আন্তরিক ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। একই সাথে সৌদি এয়ারলাইন্সে আসা হজযাত্রীদেরও ফুল দিয়ে বরণ করে নেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিমানবন্দরে শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি:

প্রথম ফিরতি হজ ফ্লাইটের হাজিদের বিমানবন্দরে স্বাগত ও অভ্যর্থনা জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ।

এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন বিমানের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ডিসিইও সৈয়দ মইন উদ্দিন আহমেদ, পরিচালক-গ্রাহক সেবা (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন আহমেদ এবং হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদসহ বিমান ও সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পয়লা জুলাই শেষ হবে ফিরতি ফ্লাইট:

ধর্ম মন্ত্রণালয় ও বিমান সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে হজযাত্রীদের নিয়ে সর্বশেষ ফ্লাইটটি গত ২১ মে সৌদি আরব পৌঁছেছিল। এ বছর সৌদি সরকারের বেঁধে দেওয়া সুনির্দিষ্ট সময়ের মধ্যেই হজযাত্রীদের মিনা ও আরাফাতের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, মক্কা-মদিনায় বাসা ভাড়া এবং ভিসার যাবতীয় কাজ সফলভাবে সম্পন্ন করেছিল বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ফলে কোনো ধরনের বড় ধরনের শিডিউল বিপর্যয় ছাড়াই হজের প্রথম পর্ব শেষ হয়। সূচি অনুযায়ী, আগামী ১ জুলাই ফিরতি হজ ফ্লাইটের এই সামগ্রিক কার্যক্রম শেষ হবে।



Leave a Comment