দৌলতদিয়ায় পদ্মায় পড়া বাস উদ্ধার; জানালা দিয়ে বের হয়ে সাঁতরে বাঁচলেন চালক

জুন ৫, ২০২৬ | Feature-1 |

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাসটি আড়াই ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) দুপুর পৌনে ১২টার দিকে বিআইডব্লিউটিএ-এর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ নদী থেকে বাসটিকে ওপরে তুলতে সক্ষম হয়।

এদিকে বাসটি নদীতে পড়ে গেলেও বাসের ভেতর থাকা চালক ও হেল্পার অলৌকিকভাবে এবং অক্ষত অবস্থায় বেঁচে ফিরেছেন। তাঁদের দুজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তাঁরা যেভাবে বাঁচলেন:

বাসের চালক ঝন্টু আলী (৪৭) ও সহকারী সাকিব হোসেন (২৭) কুষ্টিয়ার বাসিন্দা। হেল্পার সাকিব জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির দিকে যাওয়ার সময় দুর্ঘটনার বিষয়টি বুঝতে পেরে তিনি চলন্ত বাস থেকে লাফিয়ে ফেরির পন্টুনের ওপর পড়েন। এতে তিনি সামান্য আহত হন।

অন্যদিকে চালক ঝন্টু মিয়া বাসসহ সরাসরি তলিয়ে যান পদ্মা নদীর অতল গভীরে। চিকিৎসাধীন অবস্থায় তিনি বলেন, “বাসটি পানিতে তলিয়ে গেলেও সৃষ্টিকর্তার দয়ায় আমি দ্রুত বাসের জানালা দিয়ে বের হয়ে ওপরে ভেসে উঠতে সক্ষম হই। পরে স্থানীয়রা আমাকে নৌকা দিয়ে টেনে তীরে তোলেন।” পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তাঁদের দুজনকে হাসপাতালে ভর্তি করে।

আরো পড়ুন: দৌলতদিয়া নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ল যাত্রীবাহী বাস

তার ছিঁড়ে নদীতে পড়ে বাস, যাত্রী ছিলেন ৩৭ জন:

বাসটির সুপারভাইজার আজমল হোসেন জানান, কুষ্টিয়া থেকে মোট ৩৭ জন যাত্রী নিয়ে তাঁরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ফেরিঘাটে দায়িত্বরত নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে ফেরিতে ওঠার আগেই বাসের সব যাত্রীকে নিচে নামিয়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী শুভ সেন জানান, যাত্রীরা নেমে যাওয়ার পর চালক বাসটি নিয়ে সোজা ফেরিতে উঠে যান। কিন্তু পন্টুনে ব্রেক কাজ না করায় বা নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সোজা গিয়ে ফেরির ডালায় সজোরে আঘাত করে। এতে ডালার মোটা তার ছিঁড়ে গিয়ে বাসটি মুহূর্তের মধ্যে নদীতে পড়ে যায়। সুপারভাইজার আজমল হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আল্লাহর অশেষ মেহেরবানিতে সব যাত্রী আগে নেমে যাওয়ায় আজ বড় ধরনের একটি জাতীয় বিপর্যয় থেকে আমরা বেঁচে গেছি।”

ঘটনাস্থলে জেলা প্রশাসক ও কর্মকর্তাদের দৌড়ঝাঁপ:

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন দ্রুত দৌলতদিয়া ঘাটে ছুটে আসেন। এ সময় তাঁর সঙ্গে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস, এসিল্যান্ড মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলাম, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা এবং বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাউদ্দিনসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থেকে উদ্ধার কাজ তদারকি করেন।

জেলা প্রশাসক আফরোজা পারভীন সাংবাদিকদের বলেন, “প্রশাসনের কঠোর নির্দেশনা মেনে যাত্রীদের আগেই বাস থেকে নামিয়ে দেওয়ায় আজ কোনো প্রাণহানি ঘটেনি। আমরা পরিবহন সংশ্লিষ্টসহ সব দূরপাল্লার যাত্রীদের কাছে বিনীত অনুরোধ করব, জীবনের ঝুঁকি এড়াতে এভাবেই ফেরিতে ওঠা-নামার আগে বাস থেকে সবাই বাধ্যতামূলকভাবে নেমে যাবেন।”



Leave a Comment