টেস্টটিউব বেবি নিয়ে শরিয়াহর বিধান জানালেন শায়খ আহমাদুল্লাহ; দিলেন জরুরি কিছু শর্ত

জুন ৫, ২০২৬ | Feature-2 |

ধর্ম ডেস্ক: চিকিৎসা বিজ্ঞানের আধুনিক পদ্ধতি ‘আইভিএফ’ (IVF) বা টেস্টটিউব বেবি নেওয়ার ক্ষেত্রে যদি কোনো ধরনের শরিয়াহ পরিপন্থী বা হারামের সংশ্লেষ না থাকে, তবে ইসলামি শরিয়াহ অনুযায়ী তা সম্পূর্ণ অনুমোদিত বলে মন্তব্য করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।

সম্প্রতি আইভিএফ বা টেস্টটিউব বেবি ধারণের প্রক্রিয়াটি ইসলাম সম্মত কি না— এমন এক প্রশ্নের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি এই মতামত ব্যক্ত করেন।

মৌলিকভাবে এটি নিষিদ্ধ নয়:

শায়খ আহমাদুল্লাহ বলেন, “কোনো দম্পতির স্বাভাবিক প্রক্রিয়ায় যখন সন্তান হয় না, তখন তারা যদি টেস্টটিউব বা আইভিএফ প্রক্রিয়ায় বাবা-মা হতে চান, তবে শরিয়াহর দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে সেটা নিষিদ্ধ বা হারাম নয়। তবে এই পদ্ধতি অনুসরণের ক্ষেত্রে প্রধান শর্ত হলো, পুরো প্রক্রিয়ার কোথাও শরিয়াহ পরিপন্থী বা নিষিদ্ধ কোনো কাজ করা যাবে না।”

অন্য কারও শুক্রাণু বা ডিম্বাণু ব্যবহার করা পরিষ্কার জেনা:

বিষয়টি আরও স্পষ্ট করতে তিনি কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ ও শর্ত জুড়ে দেন। তিনি বলেন, “টেস্টটিউব বেবি নেওয়ার ক্ষেত্রে কেবলমাত্র বৈধ স্বামী এবং স্ত্রী উভয়ের শুক্রাণু ও ডিম্বাণু সংগ্রহ (কালেক্ট) করতে হবে। এখানে যদি স্বামী-স্ত্রী ছাড়া তৃতীয় অন্য কোনো ব্যক্তির শুক্রাণু বা ডিম্বাণু সংগ্রহ বা ব্যবহার করা হয়, তবে তা ইসলামে পরিষ্কার ‘জেনা’ (ব্যভিচার) হিসেবে গণ্য হবে এবং এটি সম্পূর্ণ হারাম।”

তিনি আরও যোগ করেন, এই ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করতে গিয়ে হস্তমৈথুন বা এ জাতীয় কোনো গুনাহের মাধ্যমের ওপর ভরসা বা নির্ভর করা যাবে না। বরং স্বামী-স্ত্রীর স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে যদি ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করা যায়, তবেই তা জায়েজ হবে।

সতর উন্মুক্ত করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি:

শায়খ আহমাদুল্লাহ এই প্রক্রিয়ার আরেকটি সংবেদনশীল দিক তুলে ধরে বলেন, “এই শুক্রাণু ও ডিম্বাণু সংগ্রহ করতে গিয়ে যদি কোনো নারী বা পুরুষকে তাঁর সতরের অংশ নার্স, চিকিৎসক বা চিকিৎসা সংশ্লিষ্ট অন্য কারও সামনে উন্মুক্ত করতে হয়, তবে তা হারাম হবে। সন্তানের বাবা-মা হওয়ার মহৎ উদ্দেশ্যে গিয়ে আপনি কোনো হারামে লিপ্ত হতে পারেন না। লিগ্যাল ওয়েতে (বৈধ উপায়ে) শরিয়াহর সীমানার ভেতরে থেকে আল্লাহ যদি আপনাকে তৌফিক দেন, তবে আলহামদুলিল্লাহ। আর যদি তা সম্ভব না হয়, তবে আল্লাহর ফায়সালাকেই মেনে নিতে হবে।”

তিনি তাঁর আলোচনার পরিশেষে বলেন, যদি সতর উন্মুক্ত করার মতো পরিস্থিতি তৈরি না হয় এবং শুক্রাণু-ডিম্বাণু সংগ্রহের কাজটা স্বামী-স্ত্রী নিজেরা একে অপরের সহযোগিতায় করতে পারেন, তবে এই প্রক্রিয়ায় কোনো বাধা নেই। উল্লেখিত বিষয়গুলোসহ আর কোনো হারামের উপাদান যদি এতে না থাকে, তবে কেউ আইভিএফ পদ্ধতিতে সন্তানের বাবা-মা হতে চাইলে ইসলামি শরিয়াহ নির্দ্বিধায় সেটিকে অনুমোদন করে।



Leave a Comment