মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

জুন ১২, ২০২৬ | Feature-1 |

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর নির্বিচার গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় গুলিতে এক বাংলাদেশি নিহতের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

মনু নদীতে নামতেই গুলি:

শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস ঘটনার বিবরণ দিয়ে বলেন, “স্থানীয়ভাবে খোঁজখবর নিয়ে জানতে পেরেছি—বিকেলে নিশ্চিন্তপুর এলাকায় মনু নদীতে নামার পর মুজিবুর রহমান অসাবধানতাবশত ভারতীয় সীমানার কাছাকাছি চলে যান। এ সময় ভারতীয় কাঁটাতারের ওপার থেকে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে সরাসরি গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।”

ইউপি চেয়ারম্যান আরও জানান, ঘটনার পর থেকে রাত ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার কাছে ঘটনাস্থলেই পড়ে ছিল। মরদেহ উদ্ধার ও ফিরিয়ে আনার প্রক্রিয়া এখনো চলছে।

বিজিবির বক্তব্য:

এদিকে সীমান্তে বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যার এই ঘটনার তীব্র উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় বিএসএফ কর্তৃক গুলির ঘটনার খবর তারা পেয়েছেন। ঠিক কী কারণে এবং কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটল—সেটিসহ সার্বিক বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফের সাথে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।



Leave a Comment