প্রধানমন্ত্রীর মন খারাপ দেখে আমাদেরও মন খারাপ: নাহিদ ইসলাম

June 13, 2026 | Feature-2 |

চট্টগ্রাম ব্যুরো: বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনা করায় প্রধানমন্ত্রীর ক্ষোভ প্রকাশের জবাবে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, “প্রধানমন্ত্রীর মন খারাপ দেখে আমাদেরও মন খারাপ। তিনি আক্ষেপ করে বলেছেন, প্রধানমন্ত্রীর মন খারাপ—বিরোধী দল কেন বাজেটের সমালোচনা করে! আমরা তো চেয়েছিলাম আপনার বাজেটের প্রশংসা করতে, কিন্তু আপনি দুর্নীতি ও লুটপাটের রাস্তা তো বন্ধ করেননি। ব্যাংক দখল বন্ধ করেন নাই। আমরা জানি না এই বাজেটের কত টাকা জনগণের উন্নয়নে ব্যয় হবে, আর কত টাকা আপনার দলের নেতাকর্মীর পকেটে যাবে।”

আজ শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক বিশাল মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বাস্তবতাহীন বাজেট ও ঋণের বোঝা:

ঘোষিত বাজেটকে ‘বাস্তবতাহীন’ আখ্যা দিয়ে বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম বলেন, “এই বাজেটের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। জনগণকে যে কাল্পনিক স্বপ্ন দেখানো হচ্ছে, সেই স্বপ্ন পূরণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হবে। এমন একটি ঘাটতি বাজেট দেওয়া হয়েছে, যা বাস্তবায়ন করতে গিয়ে দেশকে বিভিন্ন বিদেশি উৎস থেকে বিপুল পরিমাণ ঋণ নিতে হবে। সুতরাং, এই বাজেটের বিরুদ্ধে বিরোধী দল যে সমালোচনা করছে, তা অত্যন্ত যৌক্তিক।”

বিদ্যুৎ সংকট ও জনদুর্ভোগ:

দেশের বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, “দেশে বিদ্যুতের দাম নজিরবিহীনভাবে বৃদ্ধি করা হয়েছে। এত দাম বাড়ানোর পরেও গ্রামাঞ্চলে বিদ্যুৎ পরিস্থিতি এখনও চরম অস্থিতিশীল। লোডশেডিংয়ে মানুষ অতিষ্ঠ। এই বাজেট বাংলাদেশের সাধারণ মানুষের অর্থনৈতিক ভাগ্যের কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারবে না।”

ক্রিকেটার নাঈমের ওপর পুলিশি নির্যাতন ও রাষ্ট্র সংস্কারের দাবি:

চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের ওপর পুলিশি নির্যাতনের ঘটনা টেনে তিনি বলেন, “চট্টগ্রামে জাতীয় দলের একজন নামকরা ক্রিকেটারকে রাজপথে অন্যায়ভাবে মারধর ও হেনস্তা করা হয়েছে। অথচ পুলিশ এখনো জড়িতদের বিরুদ্ধে কার্যকর কোনো আইনি ব্যবস্থা নেয়নি।”

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, দেশের প্রকৃত পরিবর্তন করতে হলে গণভোটের গণরায় অনুযায়ী সরকার গঠন করতে হবে। একই সাথে পুলিশ প্রশাসনসহ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ কাঠামোর আমূল সংস্কার এখন সময়ের দাবি।

উল্লেখ্য, গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আয়োজিত এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এমপি। সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।



Leave a Comment