শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কক্সবাজার প্রতিনিধি: ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ আন্দোলনে পর্যটন নগরী কক্সবাজার জেলার প্রথম বীর শহীদ মো: ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (১৩ জুন) কক্সবাজার সফরের অংশ হিসেবে চকরিয়ায় শহীদের নিজ গ্রামে গিয়ে তাঁর কবর জিয়ারত করেন তিনি।
পেকুয়া ও চকরিয়া অঞ্চলে প্রধানমন্ত্রীর দিনব্যাপী ঠাসা কর্মসূচির মধ্যে এই সফরটি ছিল অন্যতম আবেগঘন একটি মুহূর্ত। প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ ওয়াসিমের কবরের পাশে বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও ফাতেহা পাঠ করেন।
শহীদ পরিবারের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদরাই আমাদের নতুন বাংলাদেশের প্রকৃত হিরো। তাঁদের রক্ত আর আত্মত্যাগের বিনিময়েই আজ দেশের মানুষ স্বৈরাচারমুক্ত স্বাধীন বাতাস বুক ভরে নিতে পারছে। শহীদ ওয়াসিমের এই আত্মত্যাগ কক্সবাজার তথা পুরো দেশবাসী চিরকাল গভীর শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।” তিনি শহীদ পরিবারের পাশে রাষ্ট্র ও তাঁর দল সব সময় সর্বোচ্চ সহযোগিতা নিয়ে থাকবে বলে দৃঢ় আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে কক্সবাজার জেলার মধ্যে প্রথম শহীদ হন চকরিয়ার কৃতী সন্তান ও ছাত্রনেতা ওয়াসিম আকরাম। আজ তাঁর স্মৃতিবিজড়িত এলাকায় প্রধানমন্ত্রী সস্ত্রীক আগমন করায় স্থানীয় জুলাই বিপ্লবের যোদ্ধা ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আবেগ ও উচ্ছ্বাস দেখা যায়।