দর্শনা সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি ও গ্রামবাসী

June 14, 2026 | Feature-2 |

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত এলাকা দিয়ে একযোগে ১১ জন মানুষকে বাংলাদেশে জোরপূর্বক পুশইন বা ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানদের কঠোর ও সতর্ক অবস্থানের কারণে বিএসএফের সেই অপচেষ্টা সম্পূর্ণ নস্যাৎ হয়ে গেছে।

আজ রোববার (১৪ জুন) ভোর ৪টার দিকে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের পাশে সীমান্তের ৭৫ নম্বর মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান আজ সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোররাতেই সীমান্তে উত্তেজনা:

বিজিবি ও স্থানীয় সীমান্ত সূত্র জানায়, আজ শেষ রাতের দিকে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের পাশে বিএসএফের একটি টহল দল ভারতীয় অংশ থেকে ১১ জন মানুষকে এনে শূন্যরেখা সংলগ্ন মেইন পিলারের কাছে জড়ো করতে শুরু করে। অন্ধকার ও ভোরের হালকা কুয়াশার সুযোগ নিয়ে বিএসএফের জওয়ানরা ওই ব্যক্তিদের জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে পুশইন বা প্রবেশ করানোর চেষ্টা চালায়।

জনগণকে সাথে নিয়ে বিজিবির প্রতিরোধ:

বিএসএফের এই সন্দেহজনক গতিবিধির আগাম খবর পেয়ে দ্রুত অ্যাকশনে যায় দর্শনা বিজিবি ক্যাম্পের জোয়ানরা। তারা সীমান্ত লাইনে কৌশলগত প্রতিরোধমূলক ও সতর্ক অবস্থান নেন। এ সময় বিজিবির পাশাপাশি স্থানীয় সীমান্ত এলাকার সচেতন সাধারণ গ্রামবাসীও লাঠিসোঁটা নিয়ে দ্রুত জওয়ানদের সাথে যোগ দেন।

সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি ও শত শত স্থানীয় বাংলাদেশির এই দৃঢ় অবস্থান ও শক্ত প্রতিরোধ দেখে পরিস্থিতি বেগতিক বুঝে একপর্যায়ে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। পরে ভোর সাড় ৫টার দিকে জড়ো করা ওই ১১ জনকে শূন্যরেখা এলাকা থেকে সরিয়ে নিজেদের ক্যাম্পের দিকে নিয়ে যায় বিএসএফ জওয়ানরা।

বিজিবির বক্তব্য:

এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, “বিএসএফের পক্ষ থেকে ভোরের দিকে বারবার পুশইনের চেষ্টা করা হয়েছিল। তবে আমাদের বিজিবি সদস্যরা অত্যন্ত সতর্ক থাকায় এবং স্থানীয় গ্রামবাসীদের তড়িৎ সহযোগিতায় তা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। বিএসএফ পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবির টহল ও কড়া নজরদারি আরও জোরদার করা হয়েছে।”



Leave a Comment