খামেনির জানাজায় যোগ দিতে তেহরানের পথে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় বাংলাদেশের পক্ষে যোগ দিতে আজ বৃহস্পতিবার সকালে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি। আজ সকাল ৭টা ৩০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে তিনি ইরানের রাজধানী তেহরানের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সাথে মরহুম এই ইরানি নেতার জানাজা এবং পরবর্তী রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নেবেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। দীর্ঘ রোগভোগের পর গত ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে তিনি শাহাদাতবরণ করেন। ১৯৭৯ সালে ইরানে ঐতিহাসিক ইসলামী বিপ্লবের পর দেশটির নতুন রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে তিনি অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ১৯৮০ সালে তিনি কিছু সময়ের জন্য ইরানের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীকালে ইরান-ইরাক যুদ্ধ শুরু হওয়ার পর তিনি দেশটির প্রধান সামরিক শাখা ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-র সার্বিক তত্ত্বাবধানের প্রধান দায়িত্ব নেন। দূরদর্শী নেতৃত্ব ও রাজনৈতিক দক্ষতার কারণে পরবর্তীতে তিনি বিপুল জনসমর্থন নিয়ে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
এরপর ১৯৮৯ সালে আধুনিক ইরানের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর, দেশটির সংবিধানে সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি অত্যন্ত শক্ত হাতে ইরানের রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক নীতি পরিচালনা করে আসছিলেন। আন্তর্জাতিক এই নেতার শেষ বিদায়ের ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে স্পিকারের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রীয় জানাজায় অংশগ্রহণ ও দ্বিপাক্ষিক কিছু আনুষ্ঠানিকতা শেষে আগামী ৪ জুলাই স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দেশে ফেরার কথা রয়েছে।