বিএনপি ফ্যাসিবাদের পথে পা বাড়িয়েছে, সেখান থেকে ফেরা উচিত: গোলাম পরওয়ার

July 31, 2026 | Feature-2 |

যশোর প্রতিনিধি: বিএনপি ফ্যাসিবাদের পথে যে পা বাড়িয়েছে, সেখান থেকে তাদের অবিলম্বে ফিরে আসা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ শুক্রবার (৩১ জুলাই ২০২৬) সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে ‘২৪-এর গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সংবিধান সংশোধন বনাম সংস্কার ও গণভোট
রাষ্ট্র সংস্কার নিয়ে জামায়াত নেতা বলেন, “রাষ্ট্র সংস্কারের নামে কেবল সংবিধানের কিছু অংশ সংশোধন করাই যথেষ্ট নয়; রাষ্ট্রের মৌলিক কাঠামোর প্রয়োজনীয় সংস্কার আনতে হবে। গণভোটে জনগণের যে প্রত্যাশা প্রকাশ পেয়েছে, তা বাস্তবায়ন না হলে নতুন বাংলাদেশের স্বপ্ন অধরাই থেকে যাবে।”

প্রয়োজনে সংসদের পাশাপাশি রাজপথেও আন্দোলনের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সরকারের দলীয়করণ ও আচরণের সমালোচনা
বিএনপি সরকারের তীব্র সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, “সবকিছুতেই আজ দলীয়করণের বাসা বেঁধেছে। সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পে ভাগবাটোয়ারা চলছে। যেখানে বিরোধী দলীয় সংসদ সদস্য রয়েছেন, সেখানেও দলীয় লোক দিয়ে সমান্তরালভাবে কার্যক্রম চালানো হচ্ছে। তাহলে সাবেক শাসকদল আওয়ামী লীগের সঙ্গে আপনাদের পার্থক্য কোথায় থাকল? শুধু দলের নাম পরিবর্তন হয়েছে, কিন্তু চরিত্র তো একই রয়েছে। এই ধরনের আচরণের জন্য চব্বিশের গণঅভ্যুত্থান হয়নি। আপনারা ফ্যাসিবাদের পথে পা বাড়িয়ে দিয়েছেন, সময় থাকতে সেখান থেকে ফিরে আসুন।”

‘জুলাই সনদ ও সংস্কার প্রস্তাব’
জুলাই সনদে সরকার ‘শুভঙ্করের ফাঁকি’ দিয়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, “সংশোধন আর সংস্কার তো এক জিনিস নয়। জুলাই সনদে ভিন্নমতগুলো বাদ দিয়ে নিজেদের মতো সংস্কারের ছড়ি ঘোরাবেন—জনগণ তা মেনে নেবে না। আগে সংসদে নিজেদের ভুল স্বীকার করে বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংস্কারের জন্য আলোচনা কমিটি গঠন করুন। কিন্তু সংস্কার বাদ দিয়ে নিজেদের ইচ্ছামতো সিদ্ধান্ত চাপিয়ে দিলে সেটিও ফ্যাসিবাদের নামান্তর।”

জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, যশোর-১ আসনের সংসদ সদস্য আজিজুর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবীর এবং এনসিপি যশোরের সমন্বয়কারী মোহাম্মদ নুরুজ্জামান।



Leave a Comment