নিজে গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী , দ্রুত বর্জ্য অপসারণের নির্দেশ

July 31, 2026 | Feature-1 |

বিশেষ প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন বিভিন্ন এলাকার বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ, সবুজায়ন ও পানি নিষ্কাশন ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর মূল সড়ক ও অলিগলি ঘুরে দেখেন এবং বিভিন্ন অব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করে তা দ্রুত সমাধানের নির্দেশ দেন।

আজ শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বিকেলে সংশ্লিষ্টদের সাথে নিয়ে এই ঝটিকা পরিদর্শনে বের হন সরকারপ্রধান।

পর পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সাথে গাড়িতে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

যেসব এলাকা পরিদর্শন ও পর্যবেক্ষণ
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে নিজে গাড়ি চালিয়ে বের হন প্রধানমন্ত্রী। এরপর ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা, বিমানবন্দর সড়ক, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, মোহাম্মদপুর, শ্যামলী, মিরপুর, কচুক্ষেত, ঢাকা ক্যান্টনমেন্ট ও বনানীসহ ডিএনসিসির বড় একটি অংশ পরিদর্শনের পর সন্ধ্যায় বাসভবনে ফেরেন তিনি।

পরিদর্শনকালে নগরের পরিচ্ছন্নতা কার্যক্রম ও জলাবদ্ধতা নিরসন ব্যবস্থার বিভিন্ন ঘাটতি সরাসরি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। স্থানভেদে বর্জ্য অপসারণ ও পরিবেশ সুরক্ষায় ঢিলেঢালা ভাব দেখে ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক সমস্যা সমাধানের নির্দেশ দেন এবং নগরসেবার মান বাড়াতে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার রাতেও কোনো ধরনের প্রটোকল ছাড়া ঢাকার বিভিন্ন এলাকার সড়ক ও ট্রাফিক ব্যবস্থা পর্যবেক্ষণ করতে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।



Leave a Comment