এনসিপির সমাবেশস্থলে ভয়াবহ ককটেল বিস্ফোরণ, মঞ্চে নাহিদ ও সারজিস আলমসহ শীর্ষ নেতৃবৃন্দ
সাভার প্রতিনিধি: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাপরবর্তী এক রাজনৈতিক জনসভায় আকস্মিকভাবে এক ভয়াবহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ঐতিহাসিক ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে এই অতর্কিত ও বর্বরোচিত হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ যখন মঞ্চে দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তাঁর বক্তব্য প্রদান করছিলেন, ঠিক তখনই সমাবেশস্থলের জনতাকে লক্ষ্য করে এই শক্তিশালী ককটেলটির বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও হুলস্থূল পড়ে যায় এবং মুহূর্তের মধ্যে জনসভার শৃঙ্খলা ভেঙে পড়ে।
হামলার সময় সমাবেশ মঞ্চে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দলের কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এমপি এবং প্রখ্যাত মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শীর্ষ নেতাদের উপস্থিতিতে এমন স্পর্শকাতর স্থানে এই ন্যক্কারজনক হামলা রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি করেছে।
দলীয় ও স্থানীয় দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গণভোট বাস্তবায়ন, যুবসমাজের কর্মসংস্থান বৃদ্ধি, তীব্র বিদ্যুৎ সংকট নিরসন, লাগামহীন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দেশের সীমান্ত সুরক্ষার সুনির্দিষ্ট দাবিতে এনসিপির দেশব্যাপী ঘোষিত ‘জুলাই পদযাত্রা’র আজ ছিল প্রথম দিন। এই কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে গাজীপুরের কালীগঞ্জে আয়োজিত বিশাল এক পদযাত্রায় প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসাইন এমপি।
গাজীপুরের কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে দলটির শীর্ষ নেতৃবৃন্দ রাতে সাভারের এই সমাপনী সমাবেশে যোগ দিয়েছিলেন। এনসিপি নেতৃবৃন্দের দাবি, জুলাই পদযাত্রার ব্যাপক জনসমর্থন দেখে ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল এই শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ ও শীর্ষ নেতাদের প্রাণনাশের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই ককটেল হামলা চালিয়েছে। ঘটনার পর পরই সাভার থানা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে।