বন্যা পরিস্থিতিতে চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

July 10, 2026 | Feature-2 |

স্টাফ রিপোর্টার: টানা বর্ষণ ও ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা এবং বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আগামী শনিবারের (১১ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ শুক্রবার (১০ জুলাই) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামন আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা প্রশাসকের প্রতিবেদন এবং চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে চট্টগ্রাম বোর্ডের সব জেলাসহ মাদ্রাসা বোর্ডের আলিম এবং কারিগরি বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্সের ১১ জুলাইয়ের পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।

সৈয়দ আক্তারুজ্জামন আরও জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলো ছাড়া দেশের অন্য সব সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের বাকি জেলার শনিবারের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।



Leave a Comment