বানভাসি মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: ডা. শফিকুর রহমান
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টায় বিমানযোগে চট্টগ্রামে পৌঁছান তিনি। এরপর কোনো বিরতি না দিয়েই ডা. শফিকুর রহমান সরাসরি বন্যাকবলিত বাঁশখালী উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শনে যান।
সেখানে তিনি পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন যে, অসংখ্য ঘরবাড়ি এখনো পানির নিচে এবং মানুষ চরম দুর্ভোগে মানবেতর জীবনযাপন করছে।
পরিদর্শনকালে জামায়াত আমীর বলেন, এই মহাদুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের মানবিক ও নৈতিক দায়িত্ব। তিনি সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে দ্রুত সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও নগদ আর্থিক সহায়তা বিতরণ করেন। তিনি আশ্বস্ত করেন যে, দুর্যোগ মোকাবিলায় জামায়াতের এই সহযোগিতা কার্যক্রম সামনেও অব্যাহত থাকবে।
দলীয় সূত্রে জানা গেছে, বাঁশখালী সফর শেষে বিরোধীদলীয় নেতা পর্যায়ক্রমে সাতকানিয়া এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করবেন। সেখানেও বন্যাকবলিত মানুষের মাঝে শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
সফরকালে আমীরে জামায়াতের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম এমপিসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।