সাতকানিয়ায় বন্যার স্রোতে ভেসে উঠল ৩ লাশ

July 10, 2026 | Feature-2 |

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে বন্যার পানির প্রবল স্রোতে একটি কবরস্থান থেকে তিনটি লাশ ভেসে উঠেছে। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত লাশগুলো উদ্ধার করে অন্য একটি নিরাপদ কবরস্থানে দাফনের ব্যবস্থা করেন।

ঝোপঝাড়ে মিলল মরদেহ
গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলতাব আলী চৌধুরী জামে মসজিদসংলগ্ন কবরস্থানে এই অলৌকিক ও মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সাঙ্গু নদীর পানি লোকালয়ে প্রবেশ করে তীব্র স্রোতের সৃষ্টি করলে কবরস্থানের একটি অংশ ধসে যায়। এ সময় তিনটি লাশ কবর থেকে ভেসে গিয়ে পাশের ঝোপঝাড়ে আটকে পড়ে। পরে স্থানীয় লোকজন মরদেহগুলো উদ্ধার করে মসজিদের খাটিয়ায় নিয়ে আসেন।

ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবি
এ ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও স্থায়ীভাবে নদীভাঙন রোধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমেদ মুরাদ জানান, প্রতি বছর বন্যার সময় সাঙ্গু নদীর প্রবল স্রোতে এই কবরস্থানটি ক্ষতিগ্রস্ত হয়। তিনি এই দুর্যোগ থেকে এলাকা বাঁচাতে আজিজ কেরানির বাড়ি থেকে মো. ইলিয়াছের বাড়ি পর্যন্ত নদীর তীরে একটি টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণের জোর দাবি জানান।

প্রশাসনের বক্তব্য
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান মুঠোফোনে জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। ভেসে যাওয়া লাশগুলো উদ্ধার করে ইতিমধ্যেই অন্য একটি নিরাপদ কবরস্থানে পুনর্বার দাফন সম্পন্ন করা হয়েছে। এলাকা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।



Leave a Comment