ফেনীতে ১১ দলীয় ঐক্যের র্যালি: শেখ হাসিনাসহ খুনিদের বিচারের দাবি
ফেনী প্রতিনিধি: ঐতিহাসিক চব্বিশের ১৬ জুলাই শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকী ও ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ফেনী শহরে ১১ দলীয় ঐক্যের ব্যানারে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে শহরের মিজান রোডের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারের সামনে থেকে এই র্যালিটি শুরু হয়।
শহরের প্রধান সড়কগুলোয় র্যালি ও সমাবেশ
র্যালিটি মিজান রোড থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ ট্রাংক রোড এবং শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জহিরিয়া মসজিদ প্রাঙ্গন প্রদক্ষিণ করে। পরে ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এটি সমাপ্ত হয়। জামায়াতে ইসলামীর জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান এই র্যালিতে প্রধান নেতৃত্ব দেন।
সমাবেশ ও র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: জামায়াতের জেলা নায়েবে আমির আবু ইউসুফ, বিডিপির জেলা সভাপতি মোহাম্মদ ইসমাইল, এবি পার্টির যুগ্ম-আহবায়ক আফলাতুন বাকী, জাগপা সভাপতি সাইফুদ্দিন
জামায়াতের জেলা প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ এবং শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মহিপাল গণহত্যার বিচার ও গণভোটের দাবি
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি আবদুল হান্নান বলেন, “রংপুরে আবু সাঈদ এবং ফেনীর মহিপালে ১১ শহীদের খুনের ঘটনায় অবিলম্বে শেখ হাসিনা, নিজাম হাজারী ও শুসেন সহ সকল খুনীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।” তিনি আরও বলেন, মহিপালে সেদিন যে নারকীয় গণহত্যা চালানো হয়েছে, তার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। একই সঙ্গে তিনি জুলাই আন্দোলনের বীর যোদ্ধা ও শহীদ পরিবারগুলোর নিরাপত্তা এবং আইনি সুরক্ষা নিশ্চিত করার জোর দাবি জানান।
জুলাইবিপ্লবের মূল আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, “দেশের ৭০ শতাংশ জনগণ যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়ে গণভোট সম্পন্ন করেছে, তা দ্রুত বাস্তবায়ন করুন। আমরা অবিলম্বে ঐতিহাসিক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই।”