বরিশালে ১৮ জুলাই ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ, সংবাদ সম্মেলনে জনসমুদ্রের আহ্বান

বরিশাল ব্যুরো: গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে আগামী ১৮ জুলাই বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১ দলীয় ঐক্যের বরিশাল বিভাগীয় সমাবেশ। এই সমাবেশকে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

প্রত্যাশা পূরণে সরকারের আন্তরিকতার ঘাটতি
সমাবেশ সফল করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, এতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও জনগণের অকুণ্ঠ সমর্থনের মধ্য দিয়ে দেশের মানুষ একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করেছিল। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরও সেই প্রত্যাশা বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হয়নি। গণভোটের গণরায়, জুলাই সনদ এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের আন্তরিকতার ঘাটতি রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক সংকটে জনদুর্ভোগ
তিনি আরও বলেন, দেশে হত্যা, ছিনতাই, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তাবোধ দুর্বল হয়ে পড়েছে। একই সঙ্গে চাঁদাবাজি, দখলদারিত্ব, দলীয় প্রভাব বিস্তার এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জনমনে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন খাতে দুর্নীতি, লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকিং খাতের অস্থিরতা এবং কর্মসংস্থানের সংকটের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন অতিবাহিত করছে। তিনি দেশের আর্থিক প্রতিষ্ঠানসমূহকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।

অবহেলিত দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবি
বরিশালসহ দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও এই অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত। জাতীয় উন্নয়নের মূলধারায় দক্ষিণাঞ্চলকে সম্পৃক্ত করতে ঢাকা–বরিশাল–কুয়াকাটা মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণ, ভোলা–বরিশাল সেতু নির্মাণ, বরিশালে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ, শিল্পায়ন এবং আধুনিক যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার দাবি জানান তিনি। ১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশে দল-মত নির্বিশেষে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের মাধ্যমে জনগণের ন্যায্য দাবি আদায়ের গণআন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

সমাবেশে থাকবেন জামায়াত আমীরসহ শীর্ষ নেতারা
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী এবং বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চাঁন।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল অঞ্চল জামায়াতের টিম সদস্য অধ্যাপক শাহ আলম, এবি পার্টির বরিশাল সমন্বয়ক জিএম রাব্বি, জাগপার বরিশাল জেলা সভাপতি মো. মনির হোসেনসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



Leave a Comment