শহীদদের রক্তের সাথে বেঈমানি করা যাবে না, গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ: জামায়াত নেতা আব্দুল হালিম

গাজীপুর প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের স্বপ্নের বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ এইচ এম আব্দুল হালিম। তিনি বলেছেন, “জুলাই শহীদদের রক্তের সঙ্গে কোনো ধরনের বেইমানি করা যাবে না। জুলাইয়ের চেতনা শুধু স্মরণ বা আনুষ্ঠানিকতার বিষয় নয়, বরং তা বাস্তবায়নের জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে গাজীপুর মহানগরের টঙ্গীর চেরাগ আলী ফ্লাইওভারের নিচে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই শহীদদের প্রকৃত মর্যাদা
মাওলানা আব্দুল হালিম তাঁর বক্তব্যে আরও বলেন, “ন্যায়, ইনসাফ, জবাবদিহিতা ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়েই কেবল শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা রক্ষা করা সম্ভব। অন্যথায় তাদের রক্তের ঋণ শোধ করা যাবে না।” চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে দেশের সব দেশপ্রেমিক শক্তিকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

চেরাগ আলীতে মহানগর জামায়াতের সভা
গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুর রব।

এছাড়াও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জামায়াত নেতা মুহাম্মদ খায়রুল হাসান, আ স ম ফারুক এবং গাজীপুর মহানগর ও বিভিন্ন থানার স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে যেকোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।



Leave a Comment