জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থানের বাধ্য হব: নাহিদ ইসলাম

July 18, 2026 | Feature-2 |

বরিশাল ব্যুরো: সরকার যদি গণভোটের রায়ের আলোকে অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না করে, তবে দেশে আবারও নতুন করে গণআন্দোলন ও গণঅভ্যুত্থান গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “সরকারকে পরিষ্কার বলে দিতে চাই, গণভোটের রায়কে অবজ্ঞা করবেন না। জুলাই সনদ বাস্তবায়ন না হলে আমরা রাজপথে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হব।”

আজ শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের ঐতিহ্যবাহী হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক বিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচির প্রস্তুতি রয়েছে’
নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে হুঙ্কার দিয়ে বলেন, “আমরা দেশের মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে এখনো কোনো কঠোর কর্মসূচি ঘোষণা করিনি। আমরা হরতাল বা অবরোধের মতো পথ বেছে নেই নাই। কিন্তু যেকোনো সময় সেই ধরনের কর্মসূচিতে যাওয়ার পূর্ণ প্রস্তুতি আমাদের রয়েছে। আমরা বাংলাদেশে এই মুহূর্তে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পক্ষে ছিলাম না। কিন্তু সরকার এবং স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রমশ দেশের পরিস্থিতিকে সেই সংঘাতময় দিকেই ঠেলে নিয়ে যাচ্ছেন।”

‘প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা’
প্রধানমন্ত্রী ও বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, “প্রধানমন্ত্রী অনেক ভালো ভালো কথা বলেন। কিন্তু বাস্তবতা হলো প্রধানমন্ত্রীর মুখে মধু আর অন্তরে ছলনা। আমরা দেখলাম, যেই গণভোটের পক্ষে এবং যেই জুলাই সনদের পক্ষে তিনি নিজে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা করলেন, নির্বাচনের ফলাফলের পর ৭০ শতাংশ জনগণ সেই সংস্কারের পক্ষে রায় দেওয়া সত্ত্বেও তিনি তা বাস্তবায়ন করছেন না। অথচ বাইরে মুখে বলে যাচ্ছেন জুলাই সনদ নাকি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে!”

গণঅভ্যুত্থানের সময়ের জনপ্রিয় একটি স্লোগান স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, “গণঅভুত্থানের সময় আমাদের একটা স্লোগান ছিল—‘নাটক কম করো পিও’। আজ তারেক রহমানকেও আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি, নাটক কম করেন পিও। বাংলাদেশের জনগণ আপনাকে ভোট দিয়ে ক্ষমতা দিয়েছে মানে এই নয় যে আপনি যা খুশি তা-ই করবেন, কিংবা এদেশের জনগণের সাথে অনবরত ছলনা ও প্রতারণা চালিয়ে যাবেন।”

‘বিএনপি কখনই গণতন্ত্রের পক্ষে ছিল না’
আন্দোলনের সাবেক মিত্র দল বিএনপির রাজনৈতিক চরিত্র নিয়ে প্রশ্ন তুলে সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “বিএনপি গত ১৬ বছর ধরে মুখে গণতন্ত্রের জন্য লড়াই করার কথা বলেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ৫ আগস্টের পর থেকে তারা এখন উল্টো গণতন্ত্রের বিপক্ষেই লড়াই করে যাচ্ছে। আসল কথা হলো, বিএনপি কখনই মন থেকে গণতন্ত্রের পক্ষে ছিল না; তারা লড়াই করেছে কেবল ক্ষমতার জন্য। তারা গণঅভ্যুত্থানে আমাদের সাথে কাঁধ মিলিয়েছিল ক্ষমতার ভাগ বসাতে। এখন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত হওয়ার পর তারা আর কোনো রাষ্ট্রীয় সংস্কারের কথা বলে না।”

১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দের সভাপতিত্বে সমাবেশে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে আলটিমেটাম দেন।



Leave a Comment