গাজী নজরুল ইসলামের বিষয়ে যা জানালো জামায়াত
নিউজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামকে জড়িয়ে সাম্প্রতিক সময়ে প্রকাশিত বিভিন্ন খবরাখবরের ওপর তীক্ষ্ণ নজর রাখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঘটনার প্রকৃত সত্যতা ও তথ্য-উপাত্ত যাচাই সাপেক্ষে দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দলটি।
আজ মঙ্গলবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের দলের এই অবস্থানের কথা জানান।
জামায়াতের বিবৃতি
বিবৃতিতে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “অতি সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে।”
ঘটনা সম্পর্কিত প্রকাশ্য বিষয়গুলোর কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “ইতোমধ্যেই বিষয়টি নিয়ে জনাব গাজী নজরুল ইসলামের নিজের বক্তব্যসহ তাঁর প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব বিষয়ে আমরা আরও গভীর খোঁজখবর নিচ্ছি। প্রকৃত ঘটনার বিস্তারিত তথ্য-উপাত্ত সংগ্রহ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নিজস্ব নিয়ম ও পদ্ধতি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করবে।”