এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার
নিউজ ডেস্ক: নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় দলটির আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে গঠনতন্ত্র অনুযায়ী এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।
মিন্টু রোডে জরুরি বৈঠক ও সিদ্ধান্ত
রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে একটি সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তাঁর বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে।
এর প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্ত
একই সঙ্গে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের আইনগত ও আনুষ্ঠানিক বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে (ইসি) অবিলম্বে লিখিতভাবে অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত।
উল্লেখ্য, এর আগে গত ২১ জুলাই এক বিবৃতিতে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, এমপি গাজী নজরুল ইসলামের বক্তব্য এবং তাঁর পরিবারভুক্ত ব্যক্তিদের ভিডিও বক্তব্যের আলোকে বিস্তারিত তথ্য-উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আজ তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে চূড়ান্ত বহিষ্কারাদেশ দেওয়া হলো।