সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৫ জন নিহত, আহত ৩০

July 25, 2026 | Feature-2 |

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় দুটি বাসের মধ্যে এক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা খবরটি নিশ্চিত করেছে।

আজ শনিবার (২৫ জুলাই) সিরিয়ার পূর্বঞ্চলের দেইর এজ-জর এবং রাজধানী দামেস্ককে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ মহাসড়কের আল-সুখনা ও ঐতিহাসিক পালমিরা এলাকার মাঝামাঝি স্থানে দুর্ঘটনাটি ঘটে। ৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই মহাসড়কটি পূর্ব সিরিয়া থেকে রাজধানীতে যাতায়াতের প্রধান পথ।

বিমান বাহিনীর হেলিকপ্টারে উদ্ধার তৎপরতা
সিরিয়া সরকারের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা ‘সিরিয়ান আরব নিউজ এজেন্সি’ (সানা)-র প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার তীব্রতা এত বেশি ছিল যে আহতদের দ্রুত চিকিৎসাসেবা দিতে রাষ্ট্রীয় উদ্ধারকারী অ্যাম্বুলেন্সের পাশাপাশি সামরিক বাহিনীর একাধিক হেলিকপ্টার পাঠানো হয়। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে হোমস এলাকার সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে ধ্বংসাবশেষ সরানো এবং আহতদের দ্রুত উদ্ধার ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ জরুরি উদ্ধার টিম মোতায়েন রয়েছে।

জরাজীর্ণ অবকাঠামো ও মহাসড়কে দুর্ঘটনা
প্রায় ১৪ বছর ধরে চলা রক্তক্ষয়ী গৃহযুদ্ধের কারণে সিরিয়ার প্রায় সব প্রধান মহাসড়ক ও বেসামরিক অবকাঠামোর অবস্থা অত্যন্ত জরাজীর্ণ। পর্যাপ্ত সংস্কার, আলোর অভাব ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে দেইর এজ-জর-দামেস্ক মহাসড়কটি অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত।

সিরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়াদান বিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানান, বছরের শুরুর দিক থেকেই দেশজুড়ে হাজার হাজার সড়ক দুর্ঘটনা ঘটছে, যা বর্তমানে সিরিয়ায় মানুষের অকাল মৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।



Leave a Comment