প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করল বোনহারা সেই শিশু তাহসিন

July 29, 2026 | Feature-2 |

বিশেষ প্রতিবেদক: উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান দুর্ঘটনায় বড় বোনকে হারিয়ে হাসতে ভুলে যাওয়া সেই শিশু তাহসিন আব্দুল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে।

আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা নাজমুল হককে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করে তাহসিন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাইরাল ছবি ও পেছনের বেদনাবিধুর গল্প
সম্প্রতি রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে দু’হাত বাড়িয়ে দেওয়া ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহসিনের উচ্ছ্বসিত হাসির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু এই প্রাণখোলা হাসির পেছনে লুকিয়ে ছিল এক গভীর স্বজন হারানোর বেদনা।

২০২৫ সালের জুলাইয়ে উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছিল তাহসিনের প্রিয় বড় বোন ও বেস্ট ফ্রেন্ড অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া। ঘটনার দিন বোনের জন্য দুই হাতে স্যালাইন ও পানির বোতল নিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকলেও আর বোনকে খুঁজে পায়নি সে। এই দুর্ঘটনার পর থেকেই তাহসিনের হাসি হারিয়ে গিয়েছিল।

অনুষ্ঠানের সেই ছবি ও তার পেছনের মর্মান্তিক ইতিহাস জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে তাহসিনের পরিবারের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন এবং পরবর্তীতে সাক্ষাৎ নিশ্চিত করেন।

উপহার প্রদান ও প্রধানমন্ত্রীর পরামর্শ
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাহসিনের পড়ালেখার খোঁজখবর নেন এবং তার ভবিষ্যৎ স্বপ্নের কথা জানতে চান। জবাবে তাহসিন জানায়, সে বড় হয়ে একজন সফল ব্যবসায়ী হতে চায় এবং মানুষের কল্যাণে কাজ করতে চায়। প্রধানমন্ত্রী তার এই স্বপ্নের প্রশংসা করে তাকে মন দিয়ে পড়ালেখা ও খেলাধুলা করার পরামর্শ দেন।

তাহসিনের ফুটবল প্রীতির কথা জানতে পেরে প্রধানমন্ত্রী তাকে নিজ স্বাক্ষর করা একটি বাস্কেটবল এবং একটি ড্রোনসেট উপহার দেন। পাশাপাশি মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় সন্তান হারানো নাজমুল হকের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

সাক্ষাৎ শেষে উচ্ছ্বসিত তাহসিন জানায়, প্রধানমন্ত্রীর সাথে এই সাক্ষাৎ তার কাছে ছিল এক বড় ‘সারপ্রাইজ’ এবং স্কুলে ফিরে বন্ধুদের কাছে এই অভিজ্ঞতার গল্প শোনানোর জন্য সে মুখিয়ে আছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী, উপ প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন।



Leave a Comment