এই সরকার পুরোনো স্বৈরাচারের পথেই হাঁটছে: নাহিদ ইসলাম

July 29, 2026 | Feature-2 |

নিজস্ব প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বর্তমান সরকার অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় থেকে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে এবং পুরোনো স্বৈরাচারের পথেই হাঁটছে। গণভোটের রায় না মানা ও স্বাধীন পুলিশ কমিশন গঠন না করার মাধ্যমে সরকার সন্ত্রাসনির্ভর রাষ্ট্রব্যবস্থাকেই অব্যাহত রাখছে বলে তিনি মন্তব্য করেন।

আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় কামাইছড়া পুলিশ ক্যাম্পে সদর থানা বরাবর আনুষ্ঠানিক অভিযোগ দায়ের শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

‘জুলাই অভ্যুত্থানের দুই বছরের মাথায় আবারও চোখ হারাচ্ছে কিশোর’
বিক্ষোভের প্রেক্ষাপট তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে যখন আমরা শহীদদের স্মরণ করছি এবং বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষায় বিচার ও সংস্কারের দাবিতে সারা দেশে ‘জুলাই পদযাত্রা’ করছি, ঠিক তখনই হবিগঞ্জে আমাদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হলো। এক কিশোরের চোখ কেড়ে নেওয়া হয়েছে। শেখ হাসিনা অভ্যুত্থানের সময় যেভাবে শত শত তরুণের চোখ কেড়ে নিয়েছিলেন, তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার মাত্র পাঁচ মাসের মাথায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে একজন কিশোরের চোখ গেল।”

স্থানীয় সংসদ সদস্য ও হুইপ জি কে গউছের তীব্র সমালোচনা করে তিনি বলেন, স্থানীয় এমপি নিজেই সন্ত্রাসী লালন-পালন করছেন। তাঁর অনুসারীরাই দিবালোকে ও সন্ধ্যার সময় প্রকাশ্যে এনসিপি নেতাদের ওপর হামলা চালিয়েছে।

পুলিশের বাধা ও মামলা দায়েরের খবর
হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, “হামলার পরও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি, উল্টো মামলা নিতে বাধা দিয়েছে। আমাদের নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুর গায়ে পুলিশ হাত তুলেছে। তবে আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, মামলা না নিয়ে আমরা মাঠ ছাড়ব না। অবশেষে পুলিশ আমাদের ক্যাম্পে নিয়ে এসে অভিযোগ গ্রহণ করেছে এবং দুই ঘণ্টার মধ্যে মামলার অনুলিপি দেওয়ার আশ্বাস দিয়েছে।”

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, “গত ১৬ বছর ধরে যখন বালুর ট্রাক দিয়ে বেগম খালেদা জিয়ার বাসভবন আটকে রাখা হয়েছিল, তখন তো এই সাহস দেখাননি? আজকে বিরোধীদের পদযাত্রা থামাতে ট্রাক বসিয়ে রাস্তা আটকানো হচ্ছে।”

নাসীরউদ্দীন পাটওয়ারীর মন্তব্য ও সাহাবুদ্দিন ইস্যুতে প্রতিক্রিয়া
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারীর বক্তব্য ঘিরে সমালোচনার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “দলের কেউ আইন ভঙ্গ করলে বা রাজনৈতিক মূল্যবোধবিরোধী বক্তব্য দিলে দেশের প্রচলিত আইন বা জনগণ ভোটে তার বিচার করবে। কিন্তু ছাত্রদল বা বিএনপির কোনো সন্ত্রাসীর সেই বিচার করার অধিকার নেই।”

তিনি আরও বলেন, “সাবেক রাষ্ট্রপতি ফ্যাসিস্ট চুপ্পু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করেছেন। সাহস থাকলে বিএনপি আগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিক, তাঁকে গ্রেপ্তার করুক। সেই সাহস কিন্তু সরকারের নেই।”

সংবাদ সম্মেলনে হবিগঞ্জের সাধারণ মানুষকে শান্ত থাকার পাশাপাশি পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। রাতে আসামিদের গ্রেপ্তার করা না হলে দেশ আবার মাফিয়াতন্ত্রে রূপ নেবে বলে সতর্ক করেন তিনি।

এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী এবং জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু উপস্থিত ছিলেন।



Leave a Comment