এবার ওয়ানডেতেও বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস, লাল বলে শান্ত

July 29, 2026 | Feature-2 |

ক্রীড়া প্রতিবেদক: টি-টোয়েন্টির ধারাবাহিকতায় এবার ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্বও তুলে দেওয়া হলো লিটন দাসের হাতে। এর মাধ্যমে বাংলাদেশ জাতীয় দলের ‘সাদা বলের’ (ওয়ানডে ও টি-টোয়েন্টি) দুই সংস্করণেই নেতৃত্ব পেলেন অভিজ্ঞ এই ব্যাটার। আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দলকে নেতৃত্ব দেবেন তিনি।

লিটনের এই নতুন দায়িত্বে ওয়ানডে অধিনায়কত্ব হারিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে, ‘লাল বলের’ সংস্করণ অর্থাৎ টেস্ট দলের অধিনায়ক হিসেবে বহাল থাকছেন নাজমুল হোসেন শান্ত।

আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ন সভা শেষে সাংবাদিকদের সামনে অধিনায়কত্বে এই পরিবর্তন ও সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

লিটনে মুগ্ধ বিসিবি, সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়
সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, সাম্প্রতিক সময়ে লিটনের নেতৃত্ব গুণে বোর্ড অত্যন্ত মুগ্ধ। দল পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতায় সন্তুষ্ট হয়েই তাঁকে সাদা বলের নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। সাদা বলের দুই সংস্করণে লিটনের সহ-অধিনায়ক (সহযোগী) হিসেবে দায়িত্ব পালন করবেন তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়।

সাবেক ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অবদানের প্রশংসা করে তামিম ইকবাল বলেন, “অধিনায়ক হিসেবে মিরাজও বেশ সফল ছিল। অধিনায়কত্বে এই পরিবর্তন হঠাৎ করে নয়, বিসিবি ও খেলোয়াড়—উভয় পক্ষের মধ্যে পারস্পরিক আলোচনার ভিত্তিতেই ইতিবাচকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

অধিনায়ক হিসেবে লিটন ও মিরাজের পরিসংখ্যান
পূর্ণাঙ্গ ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পূর্বে লিটন দাস বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে বাংলাদেশকে ৭টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে ৩টিতে জয় ও ৩টিতে পরাজিত হয়েছে দল এবং বাকি ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

অন্যদিকে, ২০২৪ সালে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পান মেহেদী হাসান মিরাজ। তাঁর অধিনায়কত্বে বাংলাদেশ দল মোট ২৪টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এর মধ্যে ১০টিতে জয় এবং ১৩টিতে হারের মুখ দেখে বাংলাদেশ, বাকি ১টি ম্যাচ অমীমাংসিত থাকে।



Leave a Comment