দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত বেনজীর আহমেদ

August 2, 2026 | Feature-1 |

বিশেষ প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। কারামুক্তির পর তিনি এখন ইউরোপের একটি দেশে পাড়ি জমানোর চেষ্টা করছেন বলে তাঁর পারিবারিক সূত্র দাবি করেছে।

পরিবারের দেওয়া তথ্যমতে, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত বেনজীরের জামিন আবেদন মঞ্জুর করেন। পরবর্তীতে আইনি আনুষ্ঠানিকতা শেষে গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) তিনি কারামুক্ত হন।

পাসপোর্ট জব্দ ও দুবাই ত্যাগে নিষেধাজ্ঞা
আদালতের শর্ত অনুযায়ী, জামিনে মুক্ত হলেও এই মুহূর্তে দুবাই ত্যাগের কোনো অনুমতি নেই বেনজীর আহমেদের। একই সাথে তাঁর পাসপোর্টও বর্তমানে স্থানীয় কর্তৃপক্ষের জিম্মায় রয়েছে।

বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথি ও আইনি প্রক্রিয়ার ওপর দুবাইয়ের আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তাকে এই শর্তসাপেক্ষ জামিন প্রদান করেন।

এদিকে বেনজীর আহমেদের জামিনে মুক্তির বিষয়ে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের বাংলাদেশ শাখা ‘ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো’ (এনসিবি) বা পুলিশ সদর দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

যেভাবে দুবাইয়ে গ্রেপ্তার হন বেনজীর
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার মামলার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় দুবাইয়ে গ্রেপ্তার হন বেনজীর আহমেদ। গত ১২ জুন এক চিঠির মাধ্যমে দুবাই পুলিশ বেনজীরের গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশ কর্তৃপক্ষকে নিশ্চিত করেছিল।

উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এবং র‌্যাবের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। ২০২১ সালের ডিসেম্বরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত ছিল।

২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর তাঁর বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পত্তি অর্জন ও অর্থপাচারের অভিযোগ প্রকাশ্যে এলে তিনি গোপনে দেশ ত্যাগ করেন। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে আদালতে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।



Leave a Comment