ফ্যাসিস্টরা যা করে গেছে, এখন আপনারা হুবহু ফটোকপি করছেন: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) কড়া হুঁশিয়ারি ও সমালোচনা করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “সাড়ে ১৭টা বছর জুলুমের শিকার হয়েছি আমরাও, আপনারাও। রক্তভেজা আন্দোলনের মাধ্যমে আজ আমরা মুক্তি পেয়েছি। কিন্তু সেই স্মৃতি এত তাড়াতাড়ি ভুলে গিয়ে তৎকালীন ফ্যাসিস্টরা যা করেছে, হুবহু তার একটি ফটোকপি আপনাদের আচরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি।”
আজ রোববার (২ আগস্ট ২০২৬) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘জান দেব, জুলাই দেব না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনরায় অবমাননা ও ১৯৭১-এর শিক্ষা
নির্বাচন পরবর্তী পরিস্থিতি ও গণভোট নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, “নির্বাচন তো একটা হয়নি, দুটো হয়েছে এবং দুইটা শপথ নেওয়ার কথা ছিল। আমরা নিলাম, কিন্তু আপনারা নিলেন না কেন? আপনারাই তো আমাদের মতো গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান জানিয়েছিলেন। ৭০ ভাগ মানুষ ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পর জনগণের সেই স্পষ্ট অভিপ্রায়কে আপনারা অপমান করছেন কেন?”
তিনি ১৯৭১ সালের পটভূমির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধের মূল ভিত্তি ছিল দুইটি—একটি বৈষম্য দূর করা এবং অন্যটি জনগণের ভোটাধিকারকে সম্মান জানানো। সেই জনগণের রায়কে অবমূল্যায়ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
বিরোধী মত দমন ও ইসি নিয়োগ নিয়ে ক্ষোভ
দেশ শাসন ও বিরোধী মত দমনের বিষয়ে ক্ষমতাসীনদের আত্মসংযমের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, “ওরা (পূর্ববর্তী সরকার) যেমন বিরোধী মত দমনে ষড়যন্ত্র, অপপ্রচার ও বলপ্রয়োগের পথ বেছে নিয়েছিল, আপনারা ইতোমধ্যে ঠিক সেই পথই অনুসরণ শুরু করেছেন। সাড়ে ১৭ বছর বিরোধী দল, আলেম-ওলামা, সাংবাদিক ও সাধারণ মানুষের ওপর চলা জুলুমের কথা একটু চিন্তা করুন।”
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত মো. সামসুল আলমের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “নির্বাচন কমিশনের মতো নিরপেক্ষ জায়গায় একজন দলীয় অ্যাক্টিভিস্টকে চুক্তিভিত্তিক বসিয়ে দেওয়া হয়েছে। এক বছরে সামনে অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন রয়েছে। এখন সচিব হতে বিসিএস লাগে না, দলীয় পদ থাকলেই চলে।”
সভায় অন্যান্য বক্তব্য
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদসহ অন্যান্য শীর্ষ নেতারা।