নতুন সরকারের ৫ মাসেই জনদুর্ভোগ চরম শিখরে: জামায়াত

August 3, 2026 | Feature-2 |

নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি, তীব্র গ্যাস সংকট এবং বিদ্যুতের ভূতুড়ে বিল আদায়ের প্রতিবাদে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, “নতুন সরকারের মাত্র পাঁচ মাসেই চারদিকে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। লুটপাট, চাঁদাবাজি, দলীয়করণ এবং দুর্নীতির সিন্ডিকেট পুরো জাতির ঘাড়ে চেপে বসেছে।”

আজ সোমবার (৩ আগস্ট ২০২৬) রাতে রাজধানীর পুরানা পল্টনস্থ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জনদুর্ভোগ ও শিল্প খাতে সংকট
মিয়া গোলাম পরওয়ার বলেন, “গ্যাসের ভয়াবহ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ঘন ঘন লোডশেডিং মানুষকে দিশেহারা করে তুলেছে। রান্নাঘরে গ্যাস না থাকায় নারীরা আজ রাজপথে কড়াই, হাঁড়ি ও খুন্তি নিয়ে বিক্ষোভ করতে বাধ্য হচ্ছেন। একদিকে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, অন্যদিকে উৎপাদন কমছে; কিন্তু নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান বা উত্তোলনে সরকারের কোনো সমন্বিত উদ্যোগ নেই।”

তিনি আরও অভিযোগ করেন, গ্যাসের তীব্র সংকটে পোশাক, সার ও ইস্পাত কারখানাগুলোর উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এলপিজি গ্যাসের দাম অস্বাভাবিক বাড়ায় নিম্ন ও মধ্যবিত্তের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়েছে।

বিদ্যুতের ভূতুড়ে বিল ও বাজার পরিস্থিতি
বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “২০২৬ সালে পা দিয়ে নতুন করে বিদ্যুতের দাম আরও বাড়ানো হয়েছে। ভুতুড়ে বিল নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ। ব্যবহার না করেও গ্রাহকদের পকেট কেটে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, যার কোনো তদন্ত পর্যন্ত করা হচ্ছে না।”

এ ছাড়া চাল, ডাল, চিনি, কাঁচা মরিচ ও আলুর মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে বলে দাবি করেন তিনি।

রাষ্ট্রীয় পদোন্নতি ও রাজনৈতিক অস্থিরতা
সরকারের বর্তমান নীতির সমালোচনা করে তিনি বলেন, “সরকার মূল সমস্যা সমাধান না করে সংবিধান ও রাজনৈতিক ইস্যুতে ব্যস্ত সময় পার করছে। রক্তাক্ত ‘জুলাই সনদ’-এর ভিত্তিতে গণভোটের রায় কার্যকর করে একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ার দাবিতে ১১ দলসহ জামায়াতে ইসলামী যে আন্দোলন করছে, সরকারের মন্ত্রীরা তার ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন।”

তিনি আরও সতর্ক করে বলেন, “সরকারে দলদাসদের নিয়োগ ও অন্যায্য পদোন্নতি দেওয়া হচ্ছে। সরকার যেন ফ্যাসিবাদের পুরনো পথ অনুসরণ না করে। সেই পথ থেকে ফিরে এসে জনগণের দুঃখ-কষ্টের দিকে নজর দেওয়া উচিত।”

সংবাদ সম্মেলনে উপস্থিতি
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার।



Leave a Comment