নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার সক্ষমতা নেই, দেশে আইনশৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে’: স্বরাষ্ট্রমন্ত্রী

August 3, 2026 | Feature-1 |

নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সম্পর্কে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের তৎপরতা চালানোর সক্ষমতা নেই। তারা কেবল বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিচ্ছে মাত্র। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।”

আজ সোমবার (৩ আগস্ট ২০২৬) সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সার্বিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা ও দেশের সুরক্ষা ব্যবস্থা
সাম্প্রতিক বিভিন্ন অনাকাঙ্ক্ষিত খবরের বিষয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উল্টো রথযাত্রা কিংবা সম্প্রতি মেট্রোরেল এলাকায় বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। উগ্রবাদী গোষ্ঠী ও সন্ত্রাসী চক্র যাতে কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য দেশের আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক ও তৎপর রয়েছে। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার ঘটনাটির সুষ্ঠু তদন্ত চলছে বলেও তিনি উল্লেখ করেন।

সাবেক আইজিপি বেনজীরের জামিন প্রসঙ্গ
দুবাইয়ে পুলিশ বাহিনীর সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন লাভ সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, “বেনজীর আহমেদ যাতে দুবাই ত্যাগ করে অন্য কোথাও যেতে না পারেন, সেই উদ্দেশ্যেই আদালত তাঁকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন। আদালত কেন বা কোন ভিত্তিতে তাঁকে জামিন দিয়েছেন—তা আনুষ্ঠানিকভাবে জানতে এবং জামিন আদেশের বিরুদ্ধে আপিল করে তা বাতিলের জন্য সরকারের পক্ষ থেকে দুবাইয়ে একটি ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে।” মন্ত্রী আরও আশঙ্কা প্রকাশ করেন, সাবেক এই আইজিপির কাছে অন্য কোনো দেশেরও পাসপোর্ট থাকতে পারে।

মার্কিন বিশেষ দূতের সফর
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের সাম্প্রতিক বাংলাদেশ সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বর্তমান তারেক রহমানের সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের যে গভীর আস্থা রয়েছে, তা বিশেষ দূত নিজেই তাঁর ব্রিফিংয়ে সুস্পষ্টভাবে জানিয়ে গেছেন।”



Leave a Comment