ইউজিসি চেয়ারম্যানের অনুষ্ঠানে প্ল্যাকার্ড নিয়ে ঢুকতে বাধা, ছাত্রদলের হামলায় জকসু ভিপি আহত

August 4, 2026 | Feature-2 |

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে মিলনায়তনে প্রবেশের চেষ্টা করলে তাঁর ওপর এই হামলা চালানো হয় এবং মারধর করে তাঁকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের একটি অনুষ্ঠান চলাকালে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

প্ল্যাকার্ড নিয়ে প্রবেশে বাধা ও সংঘর্ষ
জকসু সূত্র জানায়, কেরানীগঞ্জে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সেনাবাহিনীর হাতে হস্তান্তর, অস্থায়ী আবাসন প্রকল্পের কাজ বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সেবার মান বৃদ্ধিসহ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো প্ল্যাকার্ডে লিখে নিয়ে এসেছিলেন জকসু প্রতিনিধিরা। বিশ্ববিদ্যালয় সফরে আসা ইউজিসি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণের জন্য তাঁরা প্ল্যাকার্ড হাতে মিলনায়তনে ঢোকার চেষ্টা করেন।

কিন্তু অডিটোরিয়ামের দরজায় তাঁদের বাধা দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা। বাধা দেওয়া কেন্দ্র করে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির একপর্যায়ে জকসু নেতাদের হাত থেকে প্ল্যাকার্ড কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয় এবং হামলা চালিয়ে জকসু ভিপি রিয়াজুল ইসলামকে শারীরিকভাবে প্রহার করা হয়।

ভিডিওতে শিক্ষককে লাঞ্ছনার দৃশ্য
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত একটি ভিডিওতে দেখা যায়, জকসু ভিপি রিয়াজুল ইসলামসহ প্রতিনিধি দল অডিটোরিয়ামে প্রবেশের সময় বাধা দিচ্ছেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।

সে সময় পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ড. কে এ এম রিফাত হাসান। কিন্তু ছাত্রদলের আহ্বায়ক হিমেল সেই শিক্ষককেও সজোরে ধাক্কা দেন এবং বলতে থাকেন, “এ-ই দরজা বন্ধ কর্, দ্রুত গেট আটকা।” এরপরই অডিটোরিয়ামের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়।

এই ঘটনার পর জকসু প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েনসহ অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।



Leave a Comment