পুলিশের পিকআপে ট্রাক উল্টে কনস্টেবল নিহত
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে দাঁড়িয়ে থাকা হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানের ওপর মালবাহী ট্রাক উল্টে পড়ে পারভেজ মিয়া (৩০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত কনস্টেবল পারভেজ মিয়া ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।
নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের ওপর ট্রাক
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজি চালিত অটোরিকশা দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানের উদ্দেশ্যে যাচ্ছিল ভৈরব হাইওয়ে পুলিশের একটি দল। পথিমধ্যে দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটির একটি চাকার বাতাস কম মনে হওয়ায় সেটি সড়কের পাশে থামিয়ে বাতাস দেওয়া হচ্ছিল।
ঠিক সে সময় পেছন দিক থেকে আসা ধানের খোসা বোঝাই একটি ট্রাক অন্য একটি সিএনজিকে ওভারটেক বা পাশ দিতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি সড়কপাশে দাঁড়িয়ে থাকা হাইওয়ে পুলিশের ওই পিকআপের ওপর সজোড়ে উল্টে পড়ে। এতে পিকআপের ভেতরে থাকা কনস্টেবল পারভেজ মিয়া চালকের আসনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
উদ্ধারকাজ ও আইনি ব্যবস্থা
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর ট্রাকের নিচ থেকে নিহত কনস্টেবলের মরদেহ উদ্ধার করে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, উদ্ধার অভিযান চালিয়ে কনস্টেবল পারভেজের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।