গণতন্ত্রের স্বার্থেই আমরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছি: নাহিদ
নিউজ ডেস্ক: গণতন্ত্রের সৌন্দর্য রক্ষা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ধারা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতি পদে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো রাষ্ট্রপতি নির্বাচন চাই না, সে কারণেই আমাদের জোট প্রার্থী দিয়েছে।”
আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতিমূলক সভা শেষে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ ভবনে এ প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়।
কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম প্রার্থী
নাহিদ ইসলাম জানান, সংসদ ও রাজপথের বিরোধী ১১ দলীয় ঐক্যের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। ইতিমধ্যে জোটের পক্ষে নির্বাচন কমিশন থেকে তাঁর মনোনয়নপত্রও সংগ্রহ করা হয়েছে।
জুলাই সনদ ও সংবিধান সংশোধনের তাগিদ
সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় চিফ হুইপ ‘জুলাই সনদ’ ও রাষ্ট্রসংস্কার বাস্তবায়নে সরকারের অনীহার সমালোচনা করেন। তিনি বলেন:
“আমাদের প্রত্যাশা ছিল জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার হতো এবং রাষ্ট্রপতির জবাবদিহিতা ও ক্ষমতার ভারসাম্য বৃদ্ধি পেত।”
“জুলাই সনদ বাস্তবায়িত হলে সরকারি দল ও বিরোধী দল মিলে আলোচনার ভিত্তিতে একজন সর্বসম্মত প্রার্থী দেওয়া সম্ভব হতো। কিন্তু সংস্কার প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার কারণে সেই সুযোগ হাতছাড়া হয়েছে।”
নাহিদ ইসলাম আরও জোর দিয়ে বলেন, জাতীয় ঐকমত্য এবং গণতান্ত্রিক সুশাসনের স্বার্থে অবিলম্বে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার ত্বরান্বিত করা প্রয়োজন।