শ্রমিকদের কল্যাণে সংগঠনকে কার্যকর ভূমিকা রাখতে হবে: লুৎফর রহমান

চট্টগ্রাম ব্যুরো: শ্রমিকদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখার পাশাপাশি তাঁদের সামগ্রিক কল্যাণে শ্রমিক কল্যাণ ফেডারেশনকে একটি কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার জন্য সর্বস্তরের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।

আজ জামাল খানস্থ নগর কার্যালয়ে আয়োজিত চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক থানা দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান এ আহ্বান জানান।

সংগঠনের লক্ষ্য ও কাঠামোগত শৃঙ্খলা
এস এম লুৎফর রহমান বলেন, “শ্রমিক সংগঠনকে শুধু দাবি-দাওয়া আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে সীমাবদ্ধ রাখলে চলবে না। শ্রমিকদের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তাঁদের কল্যাণে প্রত্যক্ষ ও কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে মেহনতি মানুষের ন্যায্য অধিকার আদায়ে সংগঠনকে রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।”

সংগঠন শক্তিশালী করার বিষয়ে তিনি আরও বলেন:

পদ্ধতিগত পরিচালনা: নির্ধারিত সাংগঠনিক পদ্ধতির যথাযথ ব্যবহার নিশ্চিত করে নিয়মিত যোগাযোগ ও দায়িত্ব বণ্টনের মাধ্যমে মজবুত ভিত্তি গড়ে তুলতে হবে।

সাংগঠনিক শৃঙ্খলা: প্রতিটি দায়িত্বশীলকে নিয়ম-কানুন ও দলীয় সিদ্ধান্ত কঠোরভাবে মেনে চলত হবে এবং নিজের আচরণের মাধ্যমে শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ
চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় গুরুত্বপূর্ণ এই থানা দায়িত্বশীল বৈঠকে সংগঠনের বিভিন্ন স্তরের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন—চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি নজির হোসেন ও মকবুল আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, মহানগর সহ-সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম এবং পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।



Leave a Comment