গ্যাস সংকটের প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ সিএনজি অটোরিকশা চালকদের

August 14, 2026 | Feature-2 |

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে তীব্র গ্যাস সংকটের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা।

আজ শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) ভোর থেকে নগরের ব্যস্ততম ষোলশহর এলাকায় কয়েকশত চালক সড়কে অবস্থান নিয়ে এই অবরোধ কর্মসূচি শুরু করেন।

চালকদের অবরোধের কারণে মুরাদপুর থেকে দুই নম্বর গেইট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সংলগ্ন ‘ফসিল ফিলিং স্টেশন’-এর সামনে সিএনজি ফিলিংয়ের উদ্দেশ্যে কয়েকশত অটোরিকশার দীর্ঘ সারি দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং চালকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

অবরোধকারী চালকদের অভিযোগ, গত ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করেও তারা সিএনজি গ্যাস পাচ্ছেন না। এমনকি কখন সরবরাহ স্বাভাবিক হতে পারে, সে বিষয়ে স্টেশন কর্তৃপক্ষের কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই।

ভোগান্তির কথা তুলে ধরে এক চালক আক্ষেপ প্রকাশ করে বলেন, ২৪ ঘণ্টার বেশি সময় ধরে গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকলেও গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাস না থাকায় গাড়ি চালানো বন্ধ রয়েছে, যার ফলে পরিবার নিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে।

রহমত নামে অপর এক অটোরিকশা চালক বলেন, দুই দিন ধরে গাড়ি না চালাতে পারায় কোনো আয়-রোজগার নেই। অথচ জমার টাকা ও সংসারের খরচ জোগাতে হচ্ছে নিয়মিত। চরম দুর্ভোগের মধ্যে পড়ে বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন।

বিক্ষুব্ধ চালক মুজিবুল হক জানান, এটি কেবল একটি স্টেশনের চিত্র নয়, পুরো চট্টগ্রাম শহরের প্রতিটি ফিলিং স্টেশনে একই সংকট বিরাজ করছে। কর্তৃপক্ষ সমস্যার দ্রুত সমাধান না করলে আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তারা।

যোগাযোগ করা হলে ষোলশহরের ফসিল ফিলিং স্টেশনের এক কর্মকর্তা জানান, মূল লাইনে গ্যাসের সরবরাহ না থাকায় তারা সিএনজি রিফুয়েলিং বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। পর্যাপ্ত চাপ ও সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের পক্ষেও কিছু করা সম্ভব হচ্ছে না।

এদিকে ভোর থেকে সড়ক অবরোধের ফলে ষোলশহর, মুরাদপুর ও দুই নম্বর গেইট এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যা প্রাতঃকালীন যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তিতে ফেলেছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পুলিশ মোতায়েন রয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে আন্দোলনরত চালকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।



Leave a Comment