বিদ্যুৎ-গ্যাস সংকট অবিলম্বে সমাধান করুন: এস এম লুৎফর রহমান
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামসহ সারাদেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট অবিলম্বে সমাধান করার জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বাদ মাগরিব মহানগর কার্যালয়ে আয়োজিত মাসিক সেক্টর দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের সমালোচনা ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ
এস এম লুৎফর রহমান বলেন, মৌলিক চাহিদা পূরণে ব্যর্থতার কারণেই জনগণ পূর্ববর্তী সরকারকে ক্ষমতার মসনদ থেকে সরিয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময় রাজনৈতিক চাপ থাকলেও বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে নতুন সরকার নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার ছয় মাস পার করলেও জনগণের সংকট সমাধানের বদলে তা আরও বহুগুণ বেড়েছে।
তিনি আরও বলেন, সরকার গণভোটের ফলাফল প্রত্যাখ্যান করে জনগণের প্রত্যাশার সাথে বেইমানি করেছে। একই সাথে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। খুন, রাহাজানি ও চাঁদাবাজির কারণে মানুষ আজ ঘরে-বাইরে কোথাও নিরাপদ বোধ করছে না।
জ্বালানি সংকট ও শ্রমিকদের দুর্ভোগ
জ্বালানি খাতের তীব্র সমালোচনা করে তিনি জানান, চট্টগ্রামসহ সারাদেশে বিদ্যুৎ ও গ্যাসের অভাবে গৃহস্থালি রান্না, স্বাভাবিক নাগরিক জীবন এবং শিল্প উৎপাদন স্তব্ধ হয়ে পড়েছে। সিএনজি অটোরিকশা চালকরা রাতের পর রাত লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছেন না।
তিনি হুশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এই সংকট সমাধান, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করতে হবে এবং ব্যর্থ মন্ত্রীদের পদত্যাগ নিশ্চিত করতে হবে। তা না হলে সাধারণ জনগণ আন্দোলনের মাধ্যমে এর উপযুক্ত জবাব দেবে।
সভায় উপস্থিতি
মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি নজির হোসেন ও মকবুল আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, মহানগর সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স ম শামীম এবং প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।