বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি
নিজস্ব প্রতিবেদক: দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিরসনে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
আজ শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) মহামান্য রাষ্ট্রপতি বরাবর তিনি এই আনুষ্ঠানিক চিঠি প্রেরণ করেন। চিঠির অনুলিপি মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে।
জনজীবন ও অর্থনীতিতে সংকটের প্রভাব
চিঠিতে বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট বিরাজ করছে। লাগামহীন লোডশেডিংয়ের কারণে একদিকে সাধারণ মানুষের স্বাভাবিক জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, অন্যদিকে দেশের শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রত্যক্ষ প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যা সাধারণ জনগণকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
জরুরি আলোচনার আহ্বান
জনপ্রতিনিধি হিসেবে এই সংকটময় মুহূর্তে নীরব থাকা সম্ভব নয় উল্লেখ করে চিঠিতে বলা হয়, উদ্ভূত জাতীয় পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সংসদে জরুরি ভিত্তিতে অর্থবহ আলোচনা এবং আশু সমাধানের পথ খোঁজা অত্যন্ত আবশ্যক।
দেশজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ আনুষঙ্গিক অন্যান্য জনগুরুত্বপূর্ণ সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করার জন্য মহামান্য রাষ্ট্রপতির প্রতি উদাত্ত আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।