মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

August 19, 2026 | Feature-1 |

স্টাফ রিপোর্টার: রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়ে কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।

বুধবার (১৯ আগস্ট) কারা অধিদপ্তরের একটি নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে তার কারামুক্তির সত্যতা নিশ্চিত করেছে।

মামলা সূত্র জানায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মহাখালীর সেতু ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরবর্তীতে শিক্ষার্থীরা শাহবাগের দিকে যাওয়ার সময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে উজ্জ্বল মিয়াসহ ২৫ থেকে ৩০ জন আহত হন। ওই ঘটনায় আহত উজ্জ্বল মিয়া বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন।

এর আগে অন্য আটটি মামলায় জামিন থাকলেও বনানী থানার এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য গত ২ জুলাই আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের ভিত্তিতে ৮ জুলাই তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পরবর্তীতে ২৭ জুলাই নিম্ন আদালতে জামিন আবেদন নামঞ্জুর হলে তিনি হাইকোর্টে যান। হাইকোর্ট গত ১০ আগস্ট শুনানি শেষে তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। জামিনের যাবতীয় আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর বুধবার তিনি কারাগার থেকে মুক্ত হন।



Leave a Comment