কলকাতার অগ্নিকাণ্ড: নিহত ৪ বাংলাদেশি একই পরিবারের, মরদেহ দ্রুত দেশে আনার উদ্যোগ

August 19, 2026 | Feature-2 |

স্টাফ রিপোর্টার: ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের পরিচয় শনাক্ত ও আইনি আনুষ্ঠানিকতা শেষে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশন স্থানীয় প্রশাসন ও পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ওই হোটেলে মোট পাঁচজন বাংলাদেশি অবস্থান করছিলেন এবং স্থানীয় পুলিশ তাদের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে। মর্মান্তিক বিষয় হলো, নিহতদের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য।”

তিনি আরও জানান, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ইতোমধ্যে দুর্ঘটনাস্থল এবং আহত-নিহতদের রাখা হাসপাতাল পরিদর্শনের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ঘটনার পর পরই মিশনের পক্ষ থেকে নিহতদের বাংলাদেশে অবস্থানরত পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছে। শনাক্তকরণসহ যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়া মাত্রই মরদেহগুলো দ্রুত স্বজনদের কাছে হস্তান্তর ও দেশে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মরদেহ পরিবহনের খরচ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, চিকিৎসা নিতে যাওয়া ব্যক্তিরা সরাসরি প্রবাসী কল্যাণ বা শ্রম খাতের আওতাভুক্ত না হলেও পরিবারগুলোর আর্থিক সামর্থ্য না থাকলে সরকার নিজ দায়িত্বেই সব খরচ বহন করবে।

কলকাতার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলটিতে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত ঘটে। নিহত বাংলাদেশিরা চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় গিয়ে ওই হোটেলে উঠেছিলেন।

এদিকে কলকাতা পুলিশ জানিয়েছে, হোটেলটিতে অগ্নিনির্ভেদের ন্যূনতম কোনো ব্যবস্থা ছিল না। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে হোটেলের মালিক ও কর্মচারীরা পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।



Leave a Comment