হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯২২

August 19, 2026 | Feature-2 |

নিউজ ডেস্ক: দেশে হাম পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও হাম-সংক্রান্ত জটিলতায় দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২২ জনে।

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও উপসর্গজনিত কারণে চার শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জন এবং সন্দেহজনক হাম রোগে ৮২৩ জন শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে দেশে নতুন করে আক্রান্তের সংখ্যাও দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭ জনের দেহে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও এক হাজার ১৮ জন নতুন সন্দেহজনক হামের রোগী চিহ্নিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে মোট এক লাখ ৪৫ হাজার ৭১১ জন। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭৬ জন। ক্রমবর্ধমান এই সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে সতর্কতা বাড়ানোর তাগিদ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।



Leave a Comment