শিক্ষার্থীদের ফ্রিতে জেমিনি প্রো ও ক্লাউড পরিষেবা দিচ্ছে গুগল: কীভাবে নেবেন জানুন
টেক ও প্রযুক্তি প্রতিবেদক: বিশ্বব্যাপী শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণা সহজ করতে এক বিশেষ ‘ব্যাক টু স্কুল’ প্রোগ্রাম চালু করেছে সিলিকন ভ্যালির প্রযুক্তি জায়ান্ট গুগল। এই অফারের আওতায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরাও এক বছরের জন্য বিনামূল্যে ৪০০ জিবি ক্লাউড স্টোরেজ এবং গুগলের শক্তিশালী এআই মডেল ‘জেমিনি প্রো’ (Gemini Pro) ব্যবহারের সুবিধা পাবেন।
আজ শুক্রবার (২১ আগস্ট ২০২৬) গুগল তাদের এই বিশেষ আন্তর্জাতিক সুবিধাটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেছে।
শিক্ষার্থীরা যা যা সুবিধা পাবেন
গুগলের এই বিশেষ প্যাকেজে শিক্ষার্থীদের জন্য বেশ কিছু প্রিমিয়াম ফিচার বিনামূল্যে এবং ছাড়যুক্ত মূল্যে অন্তর্ভুক্ত করা হয়েছে:
জেমিনি প্রো সার্ভিস: এক বছরের জন্য জেমিনি প্রো ব্যবহারের ফ্রি অ্যাক্সেস। এতে সাধারণ সংস্করণের চেয়ে দ্বিগুণ ব্যবহারের সীমা (ইউসেজ লিমিট) থাকবে।
ফ্রি ক্লাউড স্টোরেজ: ফাইল, অ্যাসাইনমেন্ট ও ডেটা সংরক্ষণের জন্য বিনামূল্যে ৪০০ জিবি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজ।
বিশেষ ছাড়: গুগল এআই প্রো এবং ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশনে শিক্ষার্থীরা সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
কারা পাবেন এই সুবিধা?
বাংলাদেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই অফারের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনের জন্য মূল শর্তগুলো হলো:
বয়স ও নথি: শিক্ষার্থীর বয়স অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে।
ভর্তির প্রমাণ: বিশ্ববিদ্যালয় প্রদত্ত হালনাগাদ আইডি কার্ড অথবা সর্বশেষ সেমিস্টারের ফি প্রদানের পে-স্লিপের ছবি।
ইমেইল অ্যাকাউন্ট: একটি ব্যক্তিগত সক্রিয় জিমেইল অ্যাকাউন্ট।
আবেদন করার সহজ পদ্ধতি
বিনামূল্যে এই সেবাটি সক্রিয় করতে শিক্ষার্থীদের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে:
১. ওয়েবসাইটে প্রবেশ: ব্রাউজারে ব্যক্তিগত জিমেইল লগইন করে ‘Google One Student Page’-এ গিয়ে ‘Get Student Offer’-এ ক্লিক করতে হবে।
২. তথ্য প্রদান: দেশ হিসেবে ‘Bangladesh’ নির্বাচন করে নিজের নাম ও নিজ বিশ্ববিদ্যালয়ের নাম লিখতে হবে।
৩. নথি আপলোড: স্টুডেন্ট আইডি কার্ড বা সেমিস্টার ফি জমা দেওয়ার রশিদ আপলোড করে সাবমিট করতে হবে। তথ্য যাচাই শেষে কয়েক মিনিটের মধ্যে নিশ্চিতকরণ মেসেজ পাঠাবে গুগল।
৪. পেমেন্ট পদ্ধতি যুক্তকরণ: এক্টিভেশনের জন্য যেকোনো আন্তর্জাতিক পেমেন্ট সাপোর্ট করে এমন একটি ডুয়াল-কারেন্সি কার্ড (পাসপোর্ট অ্যান্ডোর্স করা ডেবিট/ক্রেডিট কার্ড বা ভার্চুয়াল ডলার কার্ড) যুক্ত করতে হবে। তবে ১ বছরের ফ্রি ট্রায়াল চলাকালে কার্ড থেকে কোনো অর্থ কাটা হবে না।
গুগলের শক্তিশালী এআই জেমিনি প্রো কোডিং, জটিল গাণিতিক সমস্যার সমাধান, তথ্য বিশ্লেষণ ও যেকোনো বিষয়ে প্রাতিষ্ঠানিক খসড়া তৈরিতে শিক্ষার্থীদের কাজকে আরও দ্রুত ও সহজ করতে সহায়তা করবে।