দিল্লিতে সিইসির পদত্যাগের দাবিতে তীব্র উত্তাপ, বন্ধ ১২টি মেট্রো স্টেশন

October 2, 2026 | Feature-2 |

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে ঘোষিত বিক্ষোভকে কেন্দ্র করে চরম নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ। পুলিশের পক্ষ থেকে কর্মসূচির আনুষ্ঠানিক অনুমতি দেওয়া না হলেও সম্ভাব্য বিশৃঙ্খলা ও জমায়েত রুখতে গোটা এলাকাকে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে।

আজ শুক্রবার (২ অক্টোবর ২০২৬) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের বরাতে জানা গেছে, যন্তর মন্তর ও আশপাশের সড়কগুলোতে প্রায় ৪ হাজার সশস্ত্র পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

মেট্রো স্টেশন সিলগালা: দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) নিরাপত্তার স্বার্থে এক আদেশে যন্তর মন্তর সংলগ্ন ১২টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। স্টেশনগুলোর মধ্যে রয়েছে জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, রাজীব চক, বরখাম্বা রোড, মাণ্ডি হাউস, লোক কল্যাণ মার্গ, আইএনএ, চাওরি বাজার, রামকৃষ্ণ আশ্রম মার্গ, সেবা তীর্থ ও নিউ দিল্লি।

৪ হাজার পুলিশ ও ২০ কোম্পানি সিএপিএফ: দিল্লি পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ২০টি বিশেষ কোম্পানি, র‍্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) এবং রিজার্ভ পুলিশ বাহিনী রাজপথে মোতায়েন রাখা হয়েছে।

বহুস্তরীয় ব্যারিকেড: টলস্টয় মার্গ, জনপথ রোড, সংসদ মার্গ ও অশোকা রোডে একাধিক ব্যারিকেড বসিয়ে যন্তর মন্তর ও কেরালা ভবনের পথ পুরোপুরি অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। চলতি বছর দিল্লিতে বিক্ষোভের কারণে এটি চতুর্থবারের মতো সড়ক ও গণপরিবহনে বড় ধরনের বিধিনিষেধের ঘটনা।

এআইএসএ ও ইয়ুথ কংগ্রেসের কর্মসূচি: অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এআইএসএ) সভাপতি নেহা বোরার নেতৃত্বে শুক্রবার সকাল ১১টায় যন্তর মন্তরে অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়। ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসও পৃথক কর্মসূচির অনুমতি চেয়েছিল, তবে দিল্লি পুলিশ কোনো দলকেই অনুমতি দেয়নি।

আন্দোলনের মূল দাবি: নির্বাচন কমিশনের পরিচালিত বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় গুরুতর কারচুপি ও ভোটাধিকার হরণের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার ज्ञानেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করছেন বিক্ষোভকারীরা।



Leave a Comment